দেবব্রত চৌধুরী লিটন | ৩০ জানুয়ারী, ২০১৮
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সরকারি সফরে সিলেট এসে পৌঁছেছেন। মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকাল ১০টা ৩৮ মিনিটে প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীরা সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান।
মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিকেল ৩টায় সিলেট সরকারি আলিয়া মাঠে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তব্য দেবেন শেখ হাসিনা।
এদিকে সকাল থেকেই প্রধানমন্ত্রীর এ জনসভা অভিমুখে ঢল নেমেছে জনতার। শহর ছাড়াও বাইরের বিভিন্ন উপজেলা ও গ্রামাঞ্চল থেকে আওয়ামী লীগের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ যোগ দিচ্ছে এ জনসভায়। জনসভাকে কেন্দ্র করে সিলেট শহর পরিণত হয়েছে যেন মিছিলের শহরে। এ যেনো সিলেটের আ.লীগের নেতা কর্মীদের-এক মিলনমেলা। দেখে মনে হয় সিলেটে সব পথ এসে মিশেছে চৌহাট্টার আলিয়া মাদ্রাসা মাঠে।
'জয় বাংলা', 'নৌকা নৌকা' সহ বিভিন্ন স্লোগানে রঙিন ব্যানার-ফেস্টুন আর বিভিন্ন আকারের নৌকা নিয়ে আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিলিত হচ্ছেন জনসভাস্থলের দিকে।
এ জনসভাকে সফল করতে কেবল সিলেট নগরীই নয় সকাল থেকে বিভাগের ৪ জেলা ও ৩৯টি উপজেলাসহ ব্রাহ্মণবাড়িয়া থেকে দলীয় নেতা কর্মীরা এসে জড়ো হচ্ছেন জনসভাস্থলে। নেতাকর্মীদের উপস্থিতিতে পুরো জনসভাস্থল কানায় কানায় ভরে উঠতে শুরু করেছে। এখন নেতাকর্মীরা আলিয়া মাদ্রাসা মাঠের আশপাশের রাস্তায় অবস্থান নিচ্ছেন। বিভিন্ন শ্লোগানের মাধ্যমে তারা পুরো জনসভাস্থল মুখরিত করে তুলেছেন। এছাড়া মহানগরীর বিভিন্ন থানা থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল নিয়ে জনসভাস্থলে প্রবেশ করছেন। ইতোমধ্যে দলের শীর্ষ নেতারা সভামঞ্চে উপস্থিত হচ্ছেন।
এর আগে, সকাল ১০টা ৩৮ মিনিটে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের শীর্ষ নেতারা প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। পরে প্রধানমন্ত্রী হযরত শাহজালাল (রহ.) মাজার, হযরত শাহপরান (রহ.) এর মাজার ও গাজী বোরহান উদ্দিনের (রহ.) মাজার জিয়ারত করেন।
মাজার জিয়ারত শেষে বেলা পৌনে ১টা থেকে আড়াইটা পর্যন্ত সিলেট সার্কিট হাউসে জোহরের নামাজ ও মধ্যাহ্ন-বিরতির জন্য অবস্থান করবেন। এরপর বেলা ২টা ৪০ মিনিটে সিলেট আলিয়া মাদরাসা মাঠে ২০টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ১৮টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী।
বিকেলে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন তিনি। জনসভা শেষে বিকেল সোয়া ৫টায় বিমানযোগে ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর সিলেট আগমন উপলক্ষে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। এছাড়াও পুরো সিলেট নগরীকে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। সিলেট মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে যান চলাচলের ওপর নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে।
প্রসঙ্গত, সর্বশেষ ২০১৬ সালের ২১ জানুয়ারি সিলেটে জনসভায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে, একই বছরের ২৩ নভেম্বর তিনি সিলেটে সেনাবাহিনীর ১৭-পদাতিক ডিভিশনের পতাকা উত্তোলন অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। ওই দিন জনসভায় বক্তব্য দেওয়ার কথা থাকলেও জেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণার কারণে তা স্থগিত করা হয়েছিল। সেই হিসেবে প্রায় দুই বছর পর প্রধানমন্ত্রী সিলেটে জনসভায় যোগ দিতে আসছেন।