নবীগঞ্জ প্রতিনিধি | ৩০ জানুয়ারী, ২০১৮
হবিগঞ্জ শহরের সিনেমা হল এলাকার বন্ধন আবাসিক হোটেলের একটি কক্ষ থেকে নবীগঞ্জের অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় কক্ষ থেকে অপহরণকারী জীবন দাশ টিটু (৩০) নামের এক ব্যক্তিকে পুলিশ আটক করে।
সোমবার (২৯ জানুয়ারি) রাতে হবিগঞ্জ ডিবির ওসি শাহ আলম ও এসআই ইকবাল বাহারের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে একদল পুলিশ ঐ হোটেলে অভিযান চালায়।
এ সময় হোটেলের ২০ নম্বর কক্ষ থেকে ওই ছাত্রীকে উদ্ধার ও টিটুকে আটক করা হয়। অপহৃত স্কুলছাত্রী নবীগঞ্জ উপজেলার বাউশা গ্রামের অরণ্য কুমার দাশের মেয়ে ও স্থানীয় হাই স্কুলের ১০ম শ্রেণীর ছাত্রী কুটি রাণী দাশ (১৫)। অপহরণকারী সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার দাইয়ারগাঁও গ্রামের মনোরঞ্জন দাশের পুত্র জীবন দাশ টিটু (৩০)।
মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুরে আটককৃত জীবন দাশ টিটুকে হবিগঞ্জ আদালতে প্রেরণ করে পুলিশ এবং অপহৃতা ছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য হবিগঞ্জ আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে।
অপহৃত ছাত্রী পুলিশকে জানায়, টিটু জোরপূর্বক তাকে অপহরণ করে ওই হোটেলে নিয়ে এসে কক্ষে আটকে রেখে পাশবিক নির্যাতন করেছে। সে ভয়ে কাউকে জানাতে পারেনি। এমনকি টিটু তার কাছ থেকে মোবাইল ফোনটিও কেড়ে নিয়ে যায়। ওই রাতেই ডিবি পুলিশ তাদেরকে নবীগঞ্জ থানায় সোপর্দ করে।
নবীগঞ্জ থানা পুলিশ জানায়, টিটু একজন পেশাদার ডাকাত। তার বিরুদ্ধে দিরাই, নবীগঞ্জ, সুনামগঞ্জসহ বিভিন্ন থানায় একাধিক ডাকাতি ও পুলিশ এসল্ট মামলা রয়েছে। সে বিভিন্ন স্থানে নিজেকে সরকারি অফিসের কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণা করে আসছে।
পুলিশ আরো জানায়, কুটি রাণী দাশ ৩ দিন পূর্বে নিখোঁজ হয়েছে মর্মে নবীগঞ্জ থানায় সাধারণ ডায়েরী করা হয়। এ ব্যাপারে অপহৃত ছাত্রীর বড় ভাই অনজিত বাদি হয়ে টিটুকে প্রধান আসামি করে নবীগঞ্জ থানায় অপহরণ মামলা দায়ের করেন। আটককৃত জীবন দাশ টিটুকে মঙ্গলবার দুপুরে হবিগঞ্জ আদালতের সোপর্দ করেছে পুলিশ।