Sylhet Today 24 PRINT

বিএনপির সহিংসতায় হারিয়েছি জগতজ্যোতিকে: প্রধানমন্ত্রী

অরণ্য রণি |  ৩০ জানুয়ারী, ২০১৮

ফাইল ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি ৫ জানুয়ারির নির্বাচন ঠেকানোর নামে যে সহিংসতা চালিয়েছিল তাতে আমরা হারিয়েছি এই সিলেটের জগতজ্যোতিকে। তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। সিলেটের শহীদ মিনারে হামলা করা হয়, ভাংচুর করা হয়।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুরে সিলেটের সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের জনসভায় দেয়া বক্তব্যে এ কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, বিএনপি আমলে বাংলা ভাই সৃষ্টি হয়, বিএনপির আমলে জঙ্গিবাদ সৃষ্টি হয়। বিএনপি মদদে ৬৩টা জেলায় ৫০০ বোমা একই সময়ে বিস্ফোরিত হয়। ২১ আগস্ট ২০০৪ সালে বোমা হামলা হয় সিলেটে হযরত শাহজালাল দরগাহে। তারই প্রতিবাদে আমরা যে সন্ত্রাসবিরোধী র‍্যালি করি সেই র‍্যালিতে গ্রেনেড হামলা করে আইভী রহমানসহ আওয়ামী লীগের ২২ জন নেতাকর্মীকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। একদিকে দুর্নীতি, লুটপাটে বাংলাদেশ পাঁচ-পাঁচ বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়। সারা বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয় বিএনপি জামায়াত জোটের কারণে।

শেখ হাসিনা বলেন, ২০১৩, ১৪ ও ১৫ সালে বিএনপি সারাদেশকে অশান্ত করার চেষ্টা করেছিল। সারা দেশে না পারলেও অন্তত ১৪-১৫টা শহরে তারা এই ধরণের ধ্বংসাত্মক কার্যকলাপ চালায়। হাজার হাজার গাছ কেটে ফেলে। আমরা গাছ লাগাই। ওরা গাছ কাটে। আমরা রাস্তা বানাই। তারা রাস্তা কাটে। এইভাবে তারা দেশের সম্পদ ধ্বংস করে। আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর নানা অত্যাচার চালায়। আমরা কঠোর হস্তে তাদের এই সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করেছি।

প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া সাহেব এবং আমাদের শ্রমিক নেতা আহসান উল্লাহ মাস্টার এমপিকে নির্মমভাবে বিএনপি হত্যা করেছিল, যেটা আজকে প্রমাণিত। এই সিলেটে বিএনপি যে হত্যাযজ্ঞ চালিয়েছে আজকে অনেক নেতাকর্মীকে আমরা হারিয়েছি। সমগ্র বাংলাদেশে তারা একের পর এক হত্যাকাণ্ড চালিয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.