Sylhet Today 24 PRINT

মাধবপুরে সোহেল হত্যা মামলায় ২ জনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

মাধবপুর প্রতিনিধি  |  ৩০ জানুয়ারী, ২০১৮

হবিগঞ্জের মাধবপুরে সোহেল মিয়া (৩৫) হত্যা মামলার দুই আসামী আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করেছে।

মঙ্গলবার সন্ধ্যা ৭টায় হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলামের আদালতে তারা এই স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। পরে বিজ্ঞ আদালত তাদেরকে জেল-হাজতে প্রেরণের নির্দেশ দেন।

আসামীরা হলেন- মাধবপুর উপজেলার আন্দিউড়া ইউনিয়নে উত্তর হরিশ্যামা গ্রামের আলফু মিয়ার ছেলে জুলহাস মিয়া (২০) ও একই গ্রামের রমিজ উদ্দিনের ছেলে মনির উদ্দিন (২২)।

মাধবপুর থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) মমিনুল ইসলাম এই তথ্য নিশ্চিত করে জানান, ১৮ ডিসেম্বর উপজেলার সুন্দ্রাদিল গ্রামের এলেম খা’র ছেলে সোহেল মিয়া মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। এর দুইদিন পর উপজেলার সুন্দ্রাদিল এলাকার একটি ধান ক্ষেতে তার মরদেহটি পরে থাকতে দেখেন স্থানীয়রা। পরিবর্তীতে খবর পেয়ে সকালে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

ঘটনার পরদিন নিহতের স্ত্রী লাভলী আক্তার অজ্ঞাতনামা কয়েকজনকে আসামী করে মাধবপুর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার সকালে পুলিশ জুলহাস ও মনির উদ্দিনকে গ্রেপ্তার করে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.