Sylhet Today 24 PRINT

সিলেটে ভোট চাইলেন প্রধানমন্ত্রী

শাহ শরীফ উদ্দিন |  ৩০ জানুয়ারী, ২০১৮

সিলেটের সরকারী আলিয়া মাদ্রাসা মাঠের জনসভায় ১১তম সংসদ নির্বাচনের প্রস্তুতির কথা ঘোষণা করে উপস্থিত সকলের কাছে নৌকা প্রতিকে ভোট চাইলেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় তিনি আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের কথা উল্লেখ করে তিনি বলেন, আওয়ামী লীগ শান্তিতে বিশ্বাস করে। তাই আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশে উন্নয়ন হয়। তাই দেশের উন্নয়ন অব্যাহত রাখতে নৌকা প্রতিকে ভোট দেওয়ার অনুরোধ জানিয়ে উপস্থিত সকলকে হাত তুলিয়ে ওয়াদা করান প্রধানমন্ত্রী।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় শেখ হাসিনা বলেন, দেশে এখন ১৬ শত মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। প্রতিটি ঘরে ঘরে বিদ্যুতের আলো পৌঁছে গেছে। কম্পিউটারের উপর থেকে ভ্যাট প্রত্যাহার করে প্রযুক্তি শিক্ষার প্রসার ঘটানো হচ্ছে। দেশে এখন ৮ কোটি মানুষ ইন্টারনেট ব্যবহার করছে। ১৪ কোটি মানুষ মোবাইল ফোন ব্যবহার করছে। উন্নয়নের ছোঁয়া এখন শহর থেকে প্রত্যন্ত গ্রামে ছড়িয়ে পড়েছে। দেশের প্রতিটি অঞ্চলে শিক্ষা প্রতিষ্ঠান করা হচ্ছে।

তিনি বলেন, দেশের প্রতিটি জায়গায় বিশ্ববিদ্যালয় কলেজ চালু করা হয়েছে। দেশে বিভিন্ন ধরণের বিশ্ববিদ্যালয় চালু করে উচ্চ শিক্ষার উন্নয়নে কাজ করছে আওয়ামী লীগ সরকার। কৃষকদের ১০ টাকায় ব্যাংক একাউন্ট খোলার ব্যবস্থা করে ভর্তুকির টাকা কৃষকদের হাতে তোলে দেওয়া হচ্ছে।

এসময় তিনি ২০২১ সালে মধ্যম আয়ের দেশ হিসেবে বাংলাদেশে সুবর্ণজয়ন্তী পালন করার আশা প্রকাশ করে বলেন, ২০৪১ সালের মধ্যে দেশ হবে উন্নত। বাংলাদেশ আর কারো কাছে হাত পাতবে না। এসময় তিনি বিএনপি সরকার আমলের সমালোচনা করে বলেন, ২০০৫ সালে বিএনপি সরকারের  অর্থমন্ত্রী সাইফুর রহমান বলেছিলেন দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হতে নেই। এতে অন্য দেশের সাহায্য পাওয়া যাবে না। মানে ভিক্ষা পাওয়া যাবে না। কিন্তু আমি বলি, বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হবে। যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করা জাতি কারো কাছে হাত পাতবে না।

এর আগে সিলেট জেলা ও মহানগর আ.লীগের জনসভায় যোগ দিতে মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকাল ১০টা ৩৮ মিনিটে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের শীর্ষ নেতারা প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। পরে প্রধানমন্ত্রী হযরত শাহজালাল (রহ:) মাজার, হযরত শাহপরান (রহ:) এর মাজার ও গাজী বোরহান উদ্দিনের (রহ:) মাজার জিয়ারত করেন।

মাজার জিয়ারত শেষে বেলা পৌনে ১টা থেকে আড়াইটা পর্যন্ত সিলেট সার্কিট হাউসে জোহরের নামাজ ও মধ্যাহ্ন-বিরতির জন্য অবস্থান করেন। পরে প্রধানমন্ত্রী বিকাল ৩টায় জনসভাস্থলে উপস্থিত হওয়ার পর বক্তব্য দেয়া শুরু করেন বিকাল ৪টায় যা চলে ৪টা ৩৯ মিনিট পর্যন্ত।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.