মাধবপুর প্রতিনিধি | ৩১ জানুয়ারী, ২০১৮
হবিগঞ্জের মাধবপুরে বাসের ধাক্কায় ইসমাইল মিয়া (৩০) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন ২ রিকশাযাত্রী। নিহত ইসমাইল মাধবপুর উপজেলার ঘাটুয়া গ্রামের সিরাজ মিয়ার ছেলে।
বুধবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় ঢাকা-সিলেট মহাসড়কের নোয়াপাড়া ইউনিয়নের বেঙ্গাডুবা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানান, ঢাকা থেকে ছড়ে আসা সিলেটগামী ইউনিক পরিবহনের যাত্রীবাহী একটি বাস বেঙ্গাডুবা এলাকায় একটি রিকশাকে পেছন দিক থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই চালক ইসমাইল মিয়ার মৃত্যু এবং আহত হয় দুই যাত্রী। আহতদের হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন খন্দকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।