Sylhet Today 24 PRINT

হবিগঞ্জে যুবলীগ সভাপতি কর্তৃক হিন্দু যুবককে ধর্মান্তরের হুমকির প্রতিবাদে সভা

সিলেটটুডে ডেস্ক |  ৩১ জানুয়ারী, ২০১৮

হবিগঞ্জ জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিম কর্তৃক সুমন্ত্র দাসগুপ্তকে ধর্মান্তরিত ও হত্যার হুমকির প্রতিবাদে জেলার বানিয়াচং উপজেলার সুবিদপুর ইউনিয়নের ৯ মৌজার জনগণের অংশগ্রহণে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩১ জানুয়ারি) দুপুর ২টায় সুনারু গ্রামে প্রবীণ মুরব্বী সাবেক চেয়ারম্যান শরীফ উল্লাহের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় যুবলীগ সভাপতির সাম্প্রদায়িক আচরণের প্রতিবাদ জানানো হয়।

সভায় ৯ মৌজার প্রতি মৌজা থেকে দুজন করে নিয়ে মোট ১৯ সদস্যের কমিটি গঠন করা হয়। এই কমিটি স্থানীয় চেয়ারম্যানের সাথে যোগাযোগ করে পরবর্তী কর্মপন্থা নির্ধারণ করবে।

কমিটির সদস্যরা হলেন- আথুকুড়া মৌজা থেকে প্রিয়বাসী দাস, আবেদ খান, মঙ্গল চৌধুরী, সুবিদপুর থেকে গোপাল সরকার, নিশিকান্ত সরকার, বলাকীপুর থেকে হারুন চৌধুরী, আলি আকবর, প্রতাপপুর থেকে ধলামিয়া সর্দার, শাহেদ মিয়া, নোয়াগাও থেকে কমর উদ্দিন, মনু মির্জা, ভাটিপাড়া থেকে বিশ্বপতি দাস, জয়কুমার দাস, মশাকলী থেকে শ্রীরাংগো দাস, সুখলাল দাস, নতুন নোয়াগাও থেকে শনি দাস, ভবানীপুর থেকে উত্তম দাস, লালচান দাস, সুনারু থেকে রমেন্দ্র দাশ, রথিশ দাশ।

এছাড়াও রমেন্দ্র দাশ, হারুন চৌধুরী, আবেদ খানকে দায়িত্বভার দেওয়া হয়েছে সুবিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সাথে যোগাযোগ করে ৯ মৌজার প্রতিনিধিদের নিয়ে পরবর্তী করণীয় নির্ধারণের।

উল্লেখ্য, গত বছরের ২ ডিসেম্বর সুমন্ত্র দাসগুপ্তের শহরের কালীগাছ তলা এলাকার জনৈক প্রহ্লাদ কর্মকারের কাছে পাওনা টাকা চাইতে গেলে চিড়াকান্দি এলাকার পিন্টু দাস ও হরি দাসকে বাসায় আটকে রাখেন প্রহ্লাদ। বিষয়টি জানতে পেরে সুজন, শ্যামলসহ কয়েকজন তাকে ছাড়িয়ে আনতে গেলে জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিমের ছোট ভাই সাইদুরসহ কিছু যুবক তাদের বাধা দেয়। এনিয়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এর জের ধরে প্রহ্লাদ কর্মকার রাতে সুমন্ত্র দাসগুপ্তসহ কয়েকজনের নাম উল্লেখ করে দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করে।

যুবলীগ সভাপতি কর্তৃক এলাকার হিন্দু যুবক সুমন্ত্র দাসগুপ্তকে ধর্মান্তরিত ও প্রাণনাশের হুমকির প্রেক্ষিতে সুমন্ত্রের পরিবারের পক্ষ থেকে বানিয়াচং থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.