সিলেটটুডে ডেস্ক | ৩১ জানুয়ারী, ২০১৮
সিলেটের বিয়ানীবাজারে মাকে গলাকেটে হত্যা করেছে প্রবাসী ছেলে। পুলিশ ঘাতক পুত্রকে আটক করেছে।
বুধবার (৩১ জানুয়ারি) উপজেলার চারখাইয়ের কামারগ্রামের এ ঘটনা ঘটে।
জানা গেছে, বুধবার বিকালে কামাল ধারাল অস্ত্র দিয়ে বাড়িতেই মা ছয়মুন বিবিকে গলাকেটে হত্যা করে। এরপর পুলিশ অভিযান চালিয়ে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাকে আটক করে থানায় নিয়ে যায়।
নিহত ছয়মুন বিবি (৫৫) বিয়ানীবাজারের চারখাই গ্রামের তাহির আলী স্ত্রী। তিনি দুই পুত্র ও দুই কন্যার জননী।
বিষয়টি নিশ্চিত করেছেন বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল মুন্সি।
তিনি বলেন, লাশের সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
স্থানীয়রা পুলিশকে জানান, কামাল হোসেন দুই সপ্তাহ আগে সৌদি আরব থেকে দেশে ফেরেন।