সিলেটটুডে ডেস্ক | ৩১ জানুয়ারী, ২০১৮
সিলেটে সুরই বিবি হত্যা মামলায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং একজনকে খালাস দিয়েছেন সিলেট মহানগর অতিরিক্ত দায়রা জজ আদালত। পাশাপাশি তাদেরকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
বুধবার (৩১ জানুয়ারি) দুপুরে সিলেট মহানগর অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মো. আব্দুল হালিম এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- দক্ষিণ সুরমার সিলাম নয়াপাড়ার মৃত বাদশা মিয়ার ছেলে আব্দুস শহীদ (২৮) এবং একই উপজেলার কাজিরখলার মৃত দুদু মিয়ার ছেলে ছালিক মিয়া (৩৫)। বর্তমানে তারা কারাগারে আছেন।
আদালতের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট মো. মাসুক আহমদ এ তথ্য নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, মামলায় চার আসামির মধ্যে দুই জনের সাজা হয়। মামলার অপর দুই আসামির মধ্যে দক্ষিণ সুরমার কাজিরখলার মৃত আব্দুল খালিকের ছেলে রাজু আহমদকে খালাস দেওয়া হয় এবং আরেক আসামি মিন্টু মিয়া মারা যাওয়ায় তাকে মামলা থেকে অব্যহতি দেওয়া হয়।
মামলায় বাদি পক্ষে কৌশুলী ছিলেন অ্যাডভোকেট জাহানারা ও আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট লুৎফুল কিবরিয়া শামীম।
মামলার বিবরণে জানা যায়, ২০১০ সালের ২৪ অক্টোবর রাতে দক্ষিণ সুরমা কাজিরখলা গ্রামের বাসিন্দা সুরই বিবিকে ঘরে ঢোকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় নিহতের মেয়ে অ্যাডভোকেট জাহানারা বেগম বাদী হয়ে ২০১০ সালের ২৪ অক্টোবর ৪ জনকে আসামি করে একটি হত্যা মামলাটি দায়ের করেন।
২০১১ সালের ২২ জুন তদন্তকারী কর্মকর্তা দক্ষিণ সুরমার থানার তৎকালীন উপ পরিদর্শক (এসআই) আব্দুল আউয়াল চারজনের বিরুদ্ধে এ মামলার অভিযোগপত্র (নং-৬৭) আদালতে দাখিল করেন। ২০১২ সালের ২৬ নভেম্বর ৩০২/২৪ ধারায় চার্জ গঠনের মাধ্যমে মামলার বিচারকার্য শুরু হয়ে দীর্ঘ সাক্ষ্যগ্রহণ ও শুনানির পর এ রায় দেন আদালতের বিচারক।