Sylhet Today 24 PRINT

মোগলাবাজারে ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল চালক নিহত

নিজস্ব প্রতিবেদক  |  ০১ ফেব্রুয়ারী, ২০১৮

সিলেটের মোগলাবাজারে ট্রাকের ধাক্কায় লায়েক মিয়া (২৫) নামের এক মটর সাইকেল চালক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন জুনেদ (২০) নামের মটর সাইকেলটির এক আরোহী।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সকাল ১১ টার দিকে মোগলাবাজারের রেবতীরমণ উচ্চ বিদ্যালয়ের মাঠের সামনে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত লায়েক মিয়া মোগলাবাজারের কান্দিরগাও’র বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে ফেঞ্চুগঞ্জ থেকে আসা একটি বালুভর্তি ট্রাকের সাথে কান্দিরগাও থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মারা যান। এ সময় মটর সাইকেলটির এক আরোহী আহত হন। ঘটনার পর এলাকাবাসী ট্রাকটিকে আটক আটক করলেও ট্রাক চালক পালিয়ে যান।

মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঘটনার পর থেকেই ট্রাক চালক পলাতক রয়েছেন। নিহত লায়েক মিয়ার লাশ ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ট্রাকটিকে জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। আহত জুনেদকে চিকিৎসার জন্য ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.