Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

জগন্নাথপুর প্রতিনিধি |  ০২ ফেব্রুয়ারী, ২০১৮

জগন্নাথপুরে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে জগন্নাথপুর থানা পুলিশ।

শুক্রবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার কলকলিয়া ইউনিয়নের খামারখাল গ্রামে নাসির হোসেনের (২৩) মরদেহটি উদ্ধার করা হয়। নাসির একই গ্রামের মৃত আছকির মিয়ার ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল হাশিম সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসি। ঝুলন্ত অবস্থায় যুবকের লাশ দেখে জগন্নাথপুর থানা পুলিশকে অবহিত করেছি।

এলাকাবাসী সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে নাসিরকে তার শয়ন কক্ষের তীরের সাথে গামছা দিয়ে ঝুলন্ত অবস্থায় লাশ দেখতে পেয়ে পরিবারের লোকজন স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে খবর দেন।

নাসিরের বোন রাহিমা বেগম জানান, সকালে আমি ভাই কে বাড়ি রেখে পাশের গ্রামে খালার বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। সন্ধ্যায় বাড়ি এসে দেখি ভাইয়ের শয়নকক্ষের সামনের দরজা বন্ধ। পেছনের দরজা খোলা রয়েছে এবং ভাইয়ের লাশ ঝুলছে।

তিনি আরো জানান, চার বোন দুই ভাইয়ের সংসারে তাদের বাবা-মা মারা গেছেন এক বছর আগে। বড় ভাই প্রবাসে থাকেন আর তিন বোনের বিয়ে হয়ে গেছে। ছোট দুই ভাই বোন হিসেবে তারা ওই বাড়িতে আছেন। তিনিও পড়ালেখার জন্য প্রায়ই সুনামগঞ্জ জেলা শহরে থাকেন। কেন এ ঘটনা ঘটল বুঝে উঠতে পারছেন না।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনূর রশিদ চৌধুরী বলেন, ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করেছে। শনিবার (৩ ফেব্রুয়ারি) ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ মর্গে পাঠানো হবে বলেও জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.