Sylhet Today 24 PRINT

খাদিমপাড়ায় ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষ আহত ৫

নিজস্ব প্রতিবেদক |  ০৩ ফেব্রুয়ারী, ২০১৮

ক্রিকেট খেলাকে কেন্দ্র করে সিলেটে ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে।

 শুক্রবার (০২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে সিলেট-তামাবিল সড়কে খাদিমপাড়া বিসিক শিল্পনগরী এলাকায় ছাত্রলীগের রকি-পঙ্কি ও আলাই গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

 প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানান, ক্রিকেট খেলার ফলাফলকে কেন্দ্র করে ওই দু’পক্ষের মধ্যে উত্তেজনা চলছিলো। বিষয়টি বিচার পর্যন্ত গড়ায়। সন্ধ্যায় এ নিয়ে দু’পক্ষ  সংঘর্ষে জড়ায়। এসময় গোলাগুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনায় উভয় পক্ষের অন্তত পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন।

 আহতদের মধ্যে তিনজনকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই সংঘর্ষে মার্কেট ও দোকানপাটেও হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে বলে জানান তারা।

  সিলেট মহানগর পুলিশের শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই উভয় গ্রুপের নেতা-কর্মীরা পালিয়েছে। পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে আছে।

ছাত্রলীগের রকি-পঙ্কি ও আলাই গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনায় আহত পাঁচজনের মধ্যে তিনজন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। আহতদের কারো নাম পাওয়া যায়নি বলে জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.