মৌলভীবাজার প্রতিনিধি | ০৩ ফেব্রুয়ারী, ২০১৮
অপহরণের ২ দিন পর মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে কমলগঞ্জের চম্পা দে নামের এক ব্যবসায়ীকে উদ্ধার করেছে পুলিশ এবং তাকে এসময় অপহরণের অভিযোগে ৩ জন কে আটক করা হয়েছে।
শমশেরনগর পুলিশ ফাঁড়ির পরিদর্শক (তদন্ত) অরূপ কুমার চৌধুরী অপহরণ ও উদ্ধারের সত্যতা নিশ্চিত করে সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে জানান, ব্যবসায়ী চম্পা দেকে পুলিশ উদ্ধার করেছে এবং এসময় ৩ জনকে আটক করেছে। পরে আটককৃতদের গ্রেপ্তার দেখানো হবে বলেও জানান তিনি।
এদিকে অপহরণের পরদিন শুক্রবার (২ ফেব্রুয়ারি) অপহৃত ব্যবসায়ীর স্ত্রী লিপিকা দে বাদী হয়ে কমলগঞ্জ থানায় একটি নিখোঁজ ডায়েরী করেন।
ডায়েরী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) রাত রাত সাড়ে ৯টায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পশ্চিম বাজার এলাকা থেকে প্রমি হেলথ কেয়ারের মালিক চম্পা দেকে অপহরণ করে একটি প্রাইভেট কারে করে পালিয়ে যায় অপহরণকারীরা।
অপহরণের অভিযোগে আটককৃতরা হলেন, শ্রীমঙ্গল উপজেলার উত্তর ভাড়াউড়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে মো: শুকুর আহমদ (৪৮), শ্রীমঙ্গলের রাজাপুর গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে মো: মোহিত আহমদ (৩৫) ও কমলগঞ্জ উপজেলার গুলের হাওর গ্রামের ইয়াকুব আলীর ছেলে কাউসার আহমদ (২৫)।
উদ্ধারের পর চম্পা দে জানান, অপহরণের পর থেকে শ্রীমঙ্গল শহরের কলেজ রোডের একটি বাসায় আটকে রাখা হয় তাকে। আটক অবস্থায় অপহরণকারীরা তাকে শারীরিকভাবে নির্যাতনও করেছে বলে জানান তিনি। তিনি আরো জানান, তাকে অপহরণের পরেই তার কাছে থাকা মোবাইল ফোনটি কেড়ে নেয় অপহরণকারীরা। পরে শনিবার (৩ জানুয়ারি) সকালে বিকাশে টাকা নেওয়ার জন্য তার মুঠোফোনে থেকে এক আত্মীয়কে ফোন দেন এ ব্যবসায়ী। এরপর আবারও ফোনটি কেড়ে নেয় তারা।
পুলিশ সূত্রে জানা যায়, ফোন কলের সূত্র ধরে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে শনিবার দুপুর থেকে অভিযান চালিয়ে শমশেরনগর পুলিশ ফাঁড়ির কর্মকর্তা পরিদর্শক (তদন্ত) অরূপ কুমার চৌধুরী ও এসআই আবু সায়েম মো: আব্দুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল শ্রীমঙ্গল শহরের কলেজ রোডের একটি বাসা থেকে শনিবার বিকাল ৫টায় অপহৃত ব্যবসায়ী চম্পা দেকে উদ্ধার করে।