সুনামগঞ্জ সদর প্রতিনিধি | ০৪ ফেব্রুয়ারী, ২০১৮
সুনামগঞ্জ পৌর মেয়র আয়ূব বখত জগলুলের মৃত্যুতে মেয়র পদটি স্বাভাবিকভাবে শূন্য ঘোষণা করা হবে। আর আইন অনুযায়ী শূন্য ঘোষণার ৯০ দিন দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে।
তাই সুনামগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র হিসাবে ৯০ দিন দায়িত্ব পালন করবেন পৌরসভার প্রথম প্যানেল মেয়র কাউন্সিলর হোসেন আহমেদ রাসেল। ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব গ্রহণের আগে মন্ত্রণালয় থেকে চেক স্বাক্ষরের অনুমোদন নিতে হবে তাঁকে।
পৌরসভার সচিব মো. শামছুদ্দিন জানান, পৌরসভা আইন ২০০৯ তে বলা আছে মেয়রের অনুপস্থিতে প্রথম প্যানেল মেয়র, প্রথম প্যানেল মেয়র না থাকলে দ্বিতীয় এভাবে দ্বিতীয় না থাকলে তৃতীয় প্যানেল মেয়র ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালন করবেন। পৌর পরিষদ সিদ্ধান্তসহ এ সংক্রান্ত চিঠি পাঠালে ভারপ্রাপ্ত প্যানেল মেয়রের চেক প্রদানের অনুমোদন তাড়াতাড়ি পাওয়া যায়।
জেলা নির্বাচন অফিসার আব্দুল মোতাল্লেব বলেন,‘সুনামগঞ্জ পৌর মেয়র আয়ূব বখত জগলুলের অকাল প্রয়াণের সংবাদ আমরা নির্বাচন কমিশনে জানিয়েছি, স্থানীয় সরকার বিভাগ থেকে এই আসনটি শূন্য ঘোষণা হবে। শূন্য ঘোষণার ৯০ দিনের মধ্যে নির্বাচন হবে। এই ৯০ দিন কে দায়িত্ব পালন করবেন, এটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্তের বিষয়। আমরা এই বিষয়ে কিছুই জানি না।’
প্রসঙ্গত, সুনামগঞ্জ পৌরসভার দুই বারের নির্বাচিত জনপ্রিয় মেয়র ও আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য আয়ূব বখত জগলুল গত বৃহস্পতিবার রাজধানীর একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন।