Sylhet Today 24 PRINT

‘প্রবীণদের উন্নয়নে বেসরকারি সংস্থাগুলোকেও এগিয়ে আসতে হবে’

নিজস্ব প্রতিবেদক |  ০৪ ফেব্রুয়ারী, ২০১৮

সিলেট বিভাগীয় কমিশনার ড. মোছাম্মৎ নাজমানারা খানুম বলেছেন, অসহায় প্রবীণদের উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থাগুলোকেও এগিয়ে আসতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই দেশ থেকে ক্ষুধা, দারিদ্র, বৈষম্য এবং বঞ্চনা রোধ করা সম্ভব।

রোববার (৪ ফেব্রুয়ারি) ফ্রেন্ডস ইন ভিলেজ ডেভেলপমেন্ট বাংলাদেশ (এফআইভিডিবি)-পিকেএসএফ-এর সহযোগিতায় 'প্রবীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচি'- এর আওতায় দক্ষিণ সুরমা উপজেলার দাউদপুর ইউনিয়নে বয়স্ক ভাতা এবং বিশেষ সহায়তা কার্যক্রম অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথাগুলো বলেন।

এ সময় তিনি এফআইভিডিবি’র সামাজিক উন্নয়ন কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।

এফআইভিডিবি-এর নির্বাহী পরিচালক জনাব যেহীন আহমদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলার উপজেলা নির্বাহী অফিসার জনাব শাহেদ মোস্তফা।

এছাড়াও বিভাগীয় কমিশনারের একান্ত সচিব মো. আবদুল হক এবং দক্ষিণ সুরমা উপজেলার সহকারি কমিশনার (ভূমি) মোছাম্মৎ খালেদা খাতুন রেখা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ৭৫ জন প্রবীণের মাঝে বয়স্ক ভাতা বিতরণ করা ছাড়াও বিশেষ সহায়তার আওতায় ২৬২ জন প্রবীণের মাঝে কম্বল, চাদর, হুইল চেয়ার, ছাতা, ওয়াকিং স্টিক, কমোড, ইত্যাদি সহায়ক উপকরণ বিতরণ করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.