নিজস্ব প্রতিবেদক | ০৫ ফেব্রুয়ারী, ২০১৮
বর্ষীয়ান রাজনীতিবিদ, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক মন্ত্রী, প্রয়াত জাতীয় নেতা সুরঞ্জিত সেনগুপ্ত’র প্রথম মৃত্যুবার্ষিকী আজ। ২০১৭ সালের এই দিনে ভোর রাত ৪টা ১০ মিনিটে রাজধানীর ল্যাবএইড হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) তিনি মৃত্যুবরণ করেন।
প্রয়াত এ জাতীয় নেতার ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ দিনটিকে তাঁর পরিবার, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন উদ্যোগে আজ দিনব্যাপী কর্মসূচি পালিত হবে।
সত্তরের প্রাদেশিক পরিষদে সুরঞ্জিত সেনগুপ্ত ছিলেন অন্যতম কনিষ্ঠ সদস্য; স্বাধীন দেশের প্রথম সংসদসহ চার দশকের প্রায় সব সংসদেই নির্বাচিত হয়েছেন তিনি। ষাটের দশকের উত্তাল রাজনীতি থেকে উঠে আসা বামপন্থী এই নেতা বর্তমানে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য।
সুরঞ্জিত সেনগুপ্তের জন্ম ১৯৪৬ সালে সুনামগঞ্জের আনোয়ারাপুরে। প্রথম জীবনেই বামপন্থী আন্দোলনে জড়িয়ে পড়া সুরঞ্জিত দ্বিতীয়, তৃতীয়, পঞ্চম, সপ্তম, অষ্টম, নবম এবং দশম জাতীয় সংসদসহ মোট সাতবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
তিনি ১৯৯৬ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংসদ বিষয়ক উপদেষ্টার দায়িত্বে ছিলেন। ২০০৮ সালে আওয়ামী লীগ দ্বিতীয়বারের মতো ক্ষমতায় আসার পর তিনি রেলমন্ত্রী হন।
সুরঞ্জিত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর করেন। সেন্ট্রাল ল’ কলেজ থেকে এলএলবি করার পর আইন পেশায় যুক্ত হন তিনি। আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত সুপ্রিম কোর্ট বার কাউন্সিলেরও সদস্য।
সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুবার্ষিকী স্মরণে আগামীকাল সোহরাওয়ার্দী উদ্যানস্থ শিখা চিরন্তন সম্মুখে মোমবাতি প্রজ্বলন করবে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট।
এদিকে সুরঞ্জিত সেন গুপ্তের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামীকাল দিরাই উপজেলা আওয়ামী লীগ বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে সকাল ১১ টায় শোক র্যালি, ১২ টায় ধিরাই মহা শশ্মান ঘাটে শ্রদ্ধা নিবেদন এবং দুপুর ২ টায় স্মরণ সভা।
অন্যদিকে, দিরাই ছাত্রকল্যাণ পরিষদের উদ্যোগে সোমবার বিকেল ৩টায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে স্মরণ সভা অনুষ্ঠিত হবে।