হবিগঞ্জ প্রতিনিধি | ০৫ ফেব্রুয়ারী, ২০১৮
সিলেটে খালেদা জিয়ার আগমন উপলক্ষে পোস্টার লাগানোর সময় হবিগঞ্জে দুই ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৫ ফেব্রুয়ারি) ভোরে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- কেন্দ্রীয় ছাত্রদলের সদস্য সৈয়দ মুশফিক আহমেদ ও জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম।
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জানান, "গ্রেপ্তার হওয়া দুই নেতার বিরুদ্ধে আগে থেকেই নাশকতার মামলা ছিল।"
পুলিশ জানায়, সোমবার ভোরে পুলিশের একটি টিম শহরের ঈদগাহ এলাকায় চেকপোস্টে চেক করার সময় কেন্দ্রীয় ছাত্রদলের সদস্য সৈয়দ মুশফিক আহমেদকে এবং ভোরে পৌর এলাকার উমেদনগর থেকে জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুল ইসলামকে আটক করে। তারা তখন বেগম খালেদা জিয়ার সিলেট সফর উপলক্ষ্যে পোস্টার লাগাচ্ছিলেন।