ওসমানীনগর প্রতিনিধি | ০৫ ফেব্রুয়ারী, ২০১৮
সিলেটের ওসমানীনগরে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদকসহ দুই বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে ওসমানীনগর থানা পুলিশ।
গতকাল রোববার (৪ ফেব্রুয়ারি) রাতে শেরপুর ও উমরপুর থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, ওসমানীনগর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাদীপুর ইউপির পূর্ব তাজপুর গ্রামের মাওলানা আব্দুল কাইয়ুমের ছেলে শাহ এহিয়া (৪০) এবং উমরপুর ইউপি বিএনপির সাংগঠনিক সম্পাদক ও মাটিয়াখাড়া গ্রামের মৃত আলা মিয়ার ছেলে আব্দুল হান্নান (৪৫)।
আজ সোমবার (৫ ফেব্রুয়ারি) সকালে গ্রেপ্তারকৃত দুই বিএনপি নেতা সহ অজ্ঞাতনামা ২০/৩০ জনকে আসামী করে ওসমানীনগর থানার এসই আই শেখ রকিবুল ইসলাম বাদী হয়ে পুলিশ এসল্ট (মামলা নং-০৪) দায়ের করেন। সোমবার দুপুরে গ্রেপ্তারকৃত দুই বিএনপি নেতাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সহিদ উল্যা দুই বিএনপি নেতাকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ এসল্ট মামলায় তাদেরকে সোমবার আদালতে প্রেরণ করা হয়েছে।