Sylhet Today 24 PRINT

মৌলভীবাজারে সিগারেট মজুদ করে দুই কোটি টাকার মুনাফা!

মৌলভীবাজার সংবাদদাতা  |  ১০ জুন, ২০১৫

২০১৫-১৬ অর্থ বছরের বাজেটকে সামনে রেখে দু'দফা কৃত্রিম সংকট সৃষ্টি করে কেবল সিগারেট থেকেই কমপক্ষে ২ কোটি টাকার মুনাফা লুটে নিচ্ছেন মৌলভীবাজারের কতিপয় ব্যবসায়ী সহ স্থানীয় বি,টি,সি'র পরিবেশক মহল। বিষয়টি ওপেন সিক্রেট হলেও এ ব্যপারে নিরব সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বাজেটে তামাকজাত পন্যের উপর করারোপ জনিত কারনে বিভিন্ন ব্র্যান্ডের সিগারেটের মূল্য বৃদ্ধির আশংকায় মৌলভীবাজার জেলাতে গত এপ্রিলের শেষ সপ্তাহ থেকেই শুরু হয় সিগারেটের মজুদ করে কৃতিম সংকট সৃষ্টি ও মূল্য বৃদ্ধির পায়তারা। কোম্পনী থেকে সিগারেট সরবরাহ কম হবার অজুহাতে বি,টি,সি'র স্থানীয় পরিবেশক চাহিদা অনুযায়ী ব্যবসায়ীদের নিকট সিগারেট সরবরাহ কমিয়ে দেয়।

জানা যায়,মে মাসের মঝামাঝি থেকে সিগারেটের প্যাকেট প্রতি মূল্য বেড়ে যায় । এরপর গত ৪ জুন সংসদে বাজেট প্রস্তাবনার পরদিন থেকে সিগারেটের আরেক দফা মূল্য বৃদ্ধি করা হয়।  প্যাকেট প্রতি মূল্য বেড়ে যায় ৫-৮ টাকা এবং অভিজাত সিগারেটে প্যাকেট প্রতি মূল্য বাড়ে ১৫-২০ টাকা পর্যন্ত। ৩০ টাকা বডি রেইটের সিগারেটের মূল্য ধরা হচ্ছে ৪২ টাকা ।  ১৮২ টাকা মূল্যের অভিজাত সিগারেট পরিবেশকরা ব্যবসায়ীদের কাছে বিক্রি করছেন ২০২ টাকায়। যা খুচরা বাজারে ২৪০ টাকা বিক্রি হচ্ছে। এতে বাড়তি টাকা গুনছ্নে ধুমপায়ীরা। এই বাড়তি মূল্যের রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে সরকার।

ক্ষুদ্র ব্যবসায়ীদের অভিযোগ,প্রস্তাবিত বাজেট পাশের আগেই পরিবেশকরা  বডি রেইটকে অগ্যাহ্য করে সিগারেটের মূল্য বৃদ্ধির ঘোষণা দিয়েছেন। তাই ক্ষুদ্র ব্যবসায়ীরা বাধ্য হয়ে মূল্য বাড়াচ্ছেন। এ নিয়ে ভোক্তা এবং খুচরা দোকানিদের মধ্যে বাধানুবাদ লেগেই আছে।

তারা আরো জানান, কোম্পানি থেকে সরবরাহ যথা নিয়মে হলেও মূল্য বৃদ্ধির আশংকায় খোদ পরিবেশক এবং মৌলভীবাজার ,শ্রীমঙ্গল ও কুলাউড়ার ব্যবসায়ী সিন্ডিকেট এপ্রিলের শেষ সপ্তাহ থেকে মে মাসের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত- বিভিন্ন ব্যান্ডের লক্ষাধিক কার্টন সিগারেটের মজুদ গড়ে তোলেন।  মে মাসে কৃত্রিম সংকট এবং জুন মাসে মূল্য বৃদ্ধির অজুহাতে ব্যবসায়ী সিন্ডিকেট প্রতি সিগারেট কার্টন থেকে মুনাফা নিচ্ছেন ১৮০-২৫০ টাকা । সেই হিসেবে মুনাফার পরিমাণ অন্তত ২ কোটি টাকা ছাড়িয়ে যাবার কথা। জেলায় বাজার তদারকির জন্য মার্কেটিং অফিসার ,ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর থাকলেও এ দিকে কারো নজর নেই।

এ ব্যাপারে জেলা মার্কেটিং কর্মকর্তা মো: আজবাহার এর সাথে ফোনে আলাপ করলে তিনি জানান সিগারেটের বিষয়টি তাদের আওতার বাহিরে।এ বিষয়টি দেখার জন্য জেলা ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর রয়েছে।

খুচরা বাজারে সিগারেটের মূল্য বৃদ্ধির বিষয়টি জেলা ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর সহকারী পরিচালক মো: আলামিন এর সাথে মোবাইলে আলাপ করলে তিনি জানান, খুচরা ও পাইকারী বাজারে সিগারেটের মূল্য বৃদ্ধির বিষয়টি তাঁর জানা নেই। প্রস্তাবিত বাজেট পাশের আগে মূল্য বৃদ্ধি করা আইনগত ভাবে অবৈধ। তবে  সিগারেটের মূল্য বৃদ্ধির বিষয়টি  তদারকি করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করার আশ্বাস দেন তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.