Sylhet Today 24 PRINT

ছাতকে আন্ত:ইউনিয়ন ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন

ছাতক প্রতিনিধি |  ০৫ ফেব্রুয়ারী, ২০১৮

ছাতকে আন্ত:ইউনিয়ন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। রোববার (৪ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা নোয়ারাই ইউনিয়নের বারকাহন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ক্রীড়া প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার মাছুম মিয়ার সভাপতিত্বে উক্ত ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল।

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মানিক চন্দ্র দাস, নোয়ারাই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আফজাল আবেদিন আবুল, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোনায়েম খান, উপজেলা যুবলীগ নেতা রেজওয়ানুল হক তালুকদার রাজু প্রমুখ।

এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল বলেন, আধুনিক শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতি চর্চার মাধ্যমে একজন শিক্ষার্থী তার পূর্ণতা লাভ করতে পারে। জ্ঞান ভিত্তিক শিক্ষা ও নৈতিকতা লাভে শিক্ষার্থীকে পৌঁছে দিতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। সুন্দর ও সফল জীবন গঠনে সু-শিক্ষায় শিক্ষিত হয়ে গড়ে উঠার আহবান জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.