Sylhet Today 24 PRINT

নাশকতার অভিযোগে ওসমানীনগরে বিএনপির ১৬ নেতাকর্মী আটক

ওসমানীনগর প্রতিনিধি |  ০৫ ফেব্রুয়ারী, ২০১৮

সিলেটের ওসমানীনগঢ়ে নাশকতার অভিযোগে বালাগঞ্জ উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের ১৬ নেতাকর্মীকে আটক করেছে ওসমানীনগর থানা পুলিশ।

সোমবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার তাজপুর কদমতলা থেকে একটি বাস সহ তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, বালাগঞ্জ উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক শেখ বকুল, যুব ও ছাত্রদল নেতা শেখ জুয়েল, ফয়ছল আহমদ, আবুল হোসেন, হাবিবুর রহমান, সুমন আহমদ, কনাই মিয়া, ফয়েজ আহমদ, মাসুম আহমদ, জুনেদ মিয়া সহ ১৬জন।

বালাগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম মুজিবুর রহমান খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, ১৬ জনের মধ্যে ১০ জন বালাগঞ্জের নেতা কর্মী রয়েছে। অন্য ছয় জনের বিষয়টি নিশ্চিত হতে পারিনি।

সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার(দক্ষিণ) ড. আ ক ম আখতারুজ্জামান বসুনিয়া বালগঞ্জ বিএনপি ও এর সহযোগী সংগঠনের ১৬ জন নেতা কর্মী আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, মহাসড়কে কোন প্রকার জমায়েত ও সভা সমাবেশের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বে বালাগঞ্জ থেকে বাস যোগে বেশ কিছু লোক নাশকতা ঘটাতে পারে এমন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে তাজপুর কদমতলায় পুলিশ অভিযান চালায়। অভিযান কালে একটি যাত্রীবাহী বাস আটক করে তল্লাসি চালিয়ে বিএনপি ও এর সহযোগী সংগঠনের ১৬ জন নেতা কর্মী সহ বাসটি আটক করা হয়। নাশকতার উদ্দেশ্যে তারা বালাগঞ্জ থেকে ওসমানীনগরে এসেছে বলে নিশ্চিয় হওয়া গেছে। আটককৃতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.