নিজস্ব প্রতিবেদক | ০৬ ফেব্রুয়ারী, ২০১৮
গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দেয়ায় বন্ধ রয়েছে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার শাহজালাল ফার্টিলাইজার কোম্পানিতে সার উৎপাদন।
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) কারখানাটির গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়।
উৎপাদন বন্ধের সত্যতা নিশ্চিত করে শাহজালাল ফার্টিলাইজার কোম্পানির ব্যবস্থাপক (জিএম-অপারেশন) সুনীল চন্দ্র দাশ সিলেটটুডেকে বলেন, "আজ (মঙ্গলবার) বেলা সোয়া ১১টার দিকে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়। এরপর থেকেই কারখানার উৎপাদন বন্ধ রয়েছে।"
তিনি জানান, "এটি সরকারের বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত। মূলত গ্যাসের স্বল্পতার চাপ কমাতেই এমন সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়। এর আগে একই কারণে জামালপুরের যমুনা সার কারখানার গ্যাস সংযোগও বিচ্ছিন্ন করা হয়েছিলো।"
উৎপাদন কতোদিন বন্ধ থাকতে পারে এমন প্রশ্নের জবাবে সুনীল চন্দ্র দাশ বলেন, "এটি অনির্ধারিত। সরকার গ্যাস সংযোগ পুনরায় চালু করলে আবার উৎপাদন শুরু হবে।"
উৎপাদন বন্ধ থাকাকালীন সময়ে কারখানার বিভিন্ন রক্ষণাবেক্ষণের কাজ চলবে বলে জানান তিনি।
২০১২ সালে সিলেটের ফেঞ্চুগঞ্জে ৫৪০৯ কোটি টাকা ব্যয়ে শাহজালাল সারকারখানার নির্মাণ কাজ শুরু হয়। ২০১৫ সালের আগস্টে এই কারখানার পূর্ণাঙ্গ উৎপাদন শুরুর কথা থাকলেও ওই বছরের সেপ্টেম্বর থেকে এখানে পরীক্ষামূলক উৎপাদন শুরু হয়। একই বছরের শেষদিকে শুরু হয় বাণিজ্যিক উৎপাদন। প্রথম বছরেই উৎপাদন লক্ষ্যমাত্রা পূরণ হয় এ কারখানায়। তবে উৎপাদনে লক্ষ্যমাত্রা পূরণ হলেও গত অর্থবছরে ২১৮ কোটি টাকা লোকসান হয়েছে গ্যাসভিক্তিক এই সারকারখানায়।