বড়লেখা প্রতিনিধি | ০৬ ফেব্রুয়ারী, ২০১৮
মৌলভীবাজারের বড়লেখায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে সার্বক্ষণিক প্রসবসেবা জোরদারকরণ বিষয়ক এক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) বড়লেখা উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করে পরিবার পরিকল্পনা অধিদপ্তর।
অনুষ্ঠানের ব্যবস্থাপনায় ছিল বড়লেখা উপজেলা প্রশাসন। এতে সভাপতিত্ব করেন বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাশেদুল হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন পরিবার পরিকল্পনা সিলেট বিভাগীয় পরিচালক মো. কুতুব উদ্দিন। এতে বক্তব্য রাখেন বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ সুহেল মাহমুদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, মহিলা ভাইস চেয়ারম্যান রেহানা বেগম হাছনা, পরিবার পরিকল্পনা বিভাগ মৌলভীবাজারের উপপরিচালক এ কে এম আবদুস সোবহান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহমদ হোসেন, বড়লেখা প্রেসক্লাব সভাপতি অসিত রঞ্জন দাস, সাধারণ সম্পাদক গোপাল দত্ত, বর্ণি ইউপি চেয়ারম্যান এনাম উদ্দিন, সুজানগর ইউপি চেয়ারম্যান নছিব আলী, দক্ষিণ শাহবাজাপুর ইউপি চেয়ারম্যান সাহাব উদ্দিন প্রমুখ।
ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে সার্বক্ষণিক স্বাভাবিক প্রসবসেবা নিশ্চিতকরণ বিষয়ে উপস্থাপনা করেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক ডা. ফাহমিদা সুলতানা।