দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি | ০৭ ফেব্রুয়ারী, ২০১৮
সিলেট-সুনামগঞ্জ সড়কের পাগলাবাজারে যাত্রীবাহি বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনজন একই পরিবারের সদস্য।
বুধবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানান দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী। দুর্ঘটনায় বাসটি দুমড়েমুছড়ে যায় বলে জানান তিনি।
নিহতরা হলেন সিলেটের টুকেরবাজার এলাকার চাতল গ্রামের কটু মিয়ার ছেলে আব্দুস শহিদ (৭০), তার স্ত্রী হাসনা ফুল(৬০), মেয়ে আয়শা বেগম(২৬) এবং আব্দুস মহিদের বেয়াইন সিলেটের বিমানবন্দর থানার ছাতল গ্রামের আয়জুন নেসা(৫৫)। এবং সুনামগঞ্জের হাসননগরের বাসিন্দা গাড়ি চালক সাব্বির মিয়া ।
নিহত যাত্রীরা সিলেটের টুকের বাজার থেকে সুনামগঞ্জের বার্ড চক্ষু হাসপাতালে চিকিৎসার জন্য যাচ্ছিলেন। দুর্ঘচনার পর সুনামগঞ্জ সিলেট আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় এক ঘণ্টা পর পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম।