Sylhet Today 24 PRINT

সিলেটে পুলিশের অভিযান অব্যাহত, আরো ৬৮ আটক

নিজস্ব প্রতিবেদক |  ০৮ ফেব্রুয়ারী, ২০১৮

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মামলার রায়কে কেন্দ্র করে নাশকতা সৃষ্টির আশঙ্কায় সিলেটে পুলিশের সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে।

গত রোববার (৪ ফেব্রুয়ারি) থেকে শুরু হওয়া এ অভিযানে বুধবার রাত ও বৃহস্পতিবার সকালে সিলেট নগরী ও জেলার বিভিন্ন এলাকা থেকে ৬৮ জনকে আটক করেছে পুলিশ। এদের বেশিরভাগই বিএনপি, স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মী বলে পুলিশ সূত্রে জানা যায়।

২০১৩ সাল থেকে দায়ের হওয়া বিভিন্ন নাশকতা ও বিস্ফোরণ মামলার আসামীদের গ্রেফতার করতে এ অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানায় সিলেট জেলা ও মহানগর পুলিশ।

বুধবার মধ্যরাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত অভিযানে সিলেট মহানগরীতে ৩৮জনকে আটক করা হয়। যার মধ্যে রাতে ৩৬ জন ও সকালে ২ জনকে আটক করা হয় বলে জানান সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) মুহাম্মদ আব্দুল ওয়াহাব।

তিনি বলেন, এখানে অযথা কাউকেই হয়রানি করা হচ্ছে না। শুধু মামলার আসামিদেরই গ্রেপ্তার করা হচ্ছে এবং তাদেরকে খুঁজে বের করতে অভিযান চালানো হচ্ছে।

একই সময়ের মধ্যে সিলেট জেলার বিভিন্ন উপজেলা সদর ও অন্যান্য এলাকা থেকে ৩০ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মুহম্মদ শামসুল আলম সরকার।

তিনি বলেন, খালেদা জিয়ার দুর্নীতি মামলার রায়কে কেন্দ্র করে সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে পুলিশ। সিলেটের প্রতিটি উপজেলা সদর ও অন্যান্য গুরুত্বপূর্ণ এলাকায় কঠিন পুলিশী নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।

এর আগে বুধবার রাতে সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন সিলেটের জেলা প্রশাসক রাহাত আনোয়ার খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে অস্থিতিশীল পরিস্থিতি এড়াতে সিলেটে ৬ প্লাটুন বিজিবি প্রস্তুত রাখা হয়েছে বলে ।

তিনি বলেন, সিলেট নগরীর জন্য ৪ প্লাটুন ও জেলার জন্য ২ প্লাটুন বিজিবি সদস্য প্রস্তুত রাখা হয়েছে। প্রয়োজন হলেই তাদের মাঠে নামানো হবে।

এদিকে এদিকে, খালেদা জিয়ার রায়কে ঘিরে কোনো ধরণের নাশকতামূলক পরিস্থিতি এড়াতে পুলিশ প্রস্তুত রয়েছে জানিয়ে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) মুহাম্মদ আব্দুল ওয়াহাব বলেন, আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছি। শহরজুড়ে নিশ্ছিদ্র নিরাপত্তা গড়ে তোলা হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে নগরীর সকল গুরুত্বপূর্ণ মোড়ে পুলিশ অবস্থান নিয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.