Sylhet Today 24 PRINT

হবিগঞ্জে ছাত্রলীগ-বিএনপি-পুলিশের ত্রিমুখী সংঘর্ষ

হবিগঞ্জ প্রতিনধি |  ০৮ ফেব্রুয়ারী, ২০১৮

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াসহ ছয়জনের কারাদণ্ডের রায় ঘোষণার পর হবিগঞ্জে বিএনপি-ছাত্রলীগ ও পুলিশের ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় জেলার বিভিন্নস্থানে অগ্নি সংযোগ করে বিক্ষুব্ধরা।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) দুপুর থেকে বিকেল পর্যন্ত শহরের শায়েস্থানগর এলাকায় দুই দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, খালেদার মামলার রায়ের পরপরই শায়েস্থানগর পয়েন্টে বিএনপির নেতাকর্মীরা নাশকতার চেষ্টা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করে। ঘন্টাখানেক পর আবারও শায়েস্তানগরের পইল রোডে বিএনপি কর্মীরা নাশকতার চেষ্টা চালায়। পুলিশ বাঁধা দিলে বিএনপি-ছাত্রলীগ ও পুলিশের মধ্যে সংঘর্ষ বাঁধে। উভয় পক্ষ এসময় ইটপাটকেল নিক্ষেপ করে। পুলিশ টিয়ার সেল ও রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় পুলিশ দুই বিএনপি কর্মীকে আটক করেছে।

এছাড়া জেলার বানিয়াচং উপজেলায় মিছিল বের করলে ৩ বিএনপি কর্মীকে আটক করে পুলিশ। পরে দুর্বৃত্তরা শহরের অনন্তপুর এলাকায় শিবিরের কার্যালয়ে অগ্নিসংযোগ করে।

চুনারুঘাট উপজেলায় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মিছিল বের করলে পুলিশ মিছিলটি পণ্ড করে দেয়।

এদিকে, আদালত এলাকায় অবস্থান নেওয়া আওয়ামী লীগ, ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা শহরের আনন্দ মিছিল বের করে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.