Sylhet Today 24 PRINT

হালদার পাড়ায় টিলা ধ্বসে আহত ৩

সিলেটটুডে ডেস্ক |  ১১ জুন, ২০১৫

বৃহস্পতিবার ভোররাতে নগরীর ৮নং আখালিয়া হাওলাদার পাড়া মোহনা আবাসিক এলাকায় টিলা ধ্বসে আহত হয়েছেন এক শিশুসহ ৩ জন। এছাড়াও বাড়ি  প্রায় কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে।

আহতরা হলেন হেলাল আহমদের স্ত্রী রুবি বেগম (২৪), তার শিশু সন্তান নাঈম আহমদ (৭) ও বাসার কাজের মেয়ে রুবিনা বেগম (১৭)। তারা বর্তমানে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

জানা যায়, আখালিয়া হাওলাদার পাড়ার এই টিলার মাটি কেটে বিক্রি করতে থাকেন ৮নং কাউন্সিলর ইলিয়াছুর রহমান। এ ঘটনায় তাকে এক লক্ষ টাকা জরিমানা করে পরিবেশ অধিদপ্তর। আদালতের নির্দেশে টিলা কাটা বন্ধ করে রাখলেও গত কয়েকদিনের টানা বর্ষণে টিলার মাটি দুর্বল হয়ে পড়ে।

বৃহস্পতিবার ভোর ৬টার দিকে হাওলাদার পাড়ার বাসিন্দা ও আখালিয়া নবাবী মসজিদ মার্কেট ব্যবসায়ী সমিতির সাবেক সহ-সভাপতি হেলাল আহমদের বাসা ও আহাদ আহমদের বাসায় টিলা ভেঙে পড়ে। টিলা ধ্বসে হেলাল আহমেদের বাসার রান্নাঘর-বাথরুমসহ বেশ কয়েকটি অংশ ক্ষতিগ্রস্থ হয়। এছাড়াও আহাদ আহমদের ঘরের কিছু অংশ ভেঙে পড়ে। এছাড়াও গ্যাস পাইপ লাইন ভেঙে বড় ধরণের দুর্ঘটনার আশঙ্কা দেখা দেয়।

খবর পেয়ে জালালাবাদ গ্যাসের কর্মী পারভেজ ও রিপন দ্রুততম সময়ের মধ্যে উপস্থিত হয়ে গ্যাস লাইনের সংযোগ বিচ্ছিন্ন করেন।

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ড কাউন্সিলর ইলিয়াছুর রহমানের সাথে যোগাযোগ করা হলে জানান, এ ধরণের কোন পাহাড় ধ্বসে আহত হওয়ার কোন খবর তিনি পাননি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.