Sylhet Today 24 PRINT

লিডিং ইউনিভার্সিটিতে ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু

নিজস্ব প্রতিবেদক |  ০৮ ফেব্রুয়ারী, ২০১৮

সিলেটের লিডিং ইউনিভার্সিটিতে শুরু হলো ছায়া জাতিসংঘ সম্মেলন ২০১৮। লিডিং ইউনিভার্সিটির মডেল ইউনাইটেড ন্যাশন্স ক্লাব (এলইউমুনা)-এর আয়োজনে বৃহস্পতিবার দুপুরে নগরের রিকাবীবাজার এলাকার কবি নজরুল অডিটোরিয়ামে ৪ দিন ব্যাপী এ সম্মেলনের উদ্বোধন হয়। এই সম্মেলনে ৮ টি দেশের ৪৫ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩৮০ জন প্রতিনিধি অংশ নিচ্ছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের টাস্ট্রি বোর্ডের চেয়ারম্যান, শিল্পপতি ড. সৈয়দ রাগীব আলী। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিডিং ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড, কামরুজ্জামান চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এলইউমুনা’র উপদেষ্ঠা তাহরিমা চৌধুরী জান্নাত। এবারের সম্মেলনের প্রতিপাদ্য বিষয় হচ্ছে ‘সুন্দর আগামীর জন্য শান্তিপূর্ণ ও সর্বব্যাপী সমাজ প্রতিষ্ঠা’।

বৃহস্পতিবার দুপুর ২ টায় জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হয় উদ্বোধনী অনুষ্ঠান। পরে লিডিং ইউনির্ভাসিটির ছাত্রছাত্রীরা প্রত্যেক কমিটির পতাকা উড়ানোর মাধ্যমে এই সম্মেলনের ৯ টি কমিটির পরিচয় করিয়ে দেয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাগীব আলী বলেন, এই ধরনের সম্মেলনের মাধ্যমে ছাত্রছাত্রীরা শিখতে পারে কীভাবে একত্রে কাজ করতে হয়, কীভাবে নেতৃত্বের গুনাবলী অর্জন করতে হয়। এধরণের আয়োজন বিশ্বের কূটনীতি সম্পর্কে ধারণা দেয়।

উপাচার্য অধ্যাপক ড. কামরুজ্জামান চৌধুরী বলেন, আজকের এই বিশ্বে কিছু জয় করতে হলে যুদ্ধ নয় কূটনীতিই একমাত্র পথ। এ ধরণের আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা কূটনৈতিক কার্যকলাপের ব্যাপারে আরো পারদর্শী হতে পারবে।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্লেনারি সেশনের প্রেসিডেন্ট নাফিস ইবনে সোহেল প্লেনারি সেশন পরিচালনা করেন। যেখানে সব কমিটির সভাপতিগণ তাদের বক্তব্য পেশ করেন। প্লেনারি সেশন শেষ হওয়ার পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে প্রথম দিনের আয়োজন শেষ হয়।

আয়োজকরা জানান, ছায়া জাতিসঙ্ঘ বা মডেল ইউনাইটেড ন্যাশন্স জাতিসঙ্ঘের একটি অনুরূপ অনুশীলন যার লক্ষ হচ্ছে গবেষণা, বিতর্ক, উপস্থাপন এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আন্তর্জাতিক সম্পর্ক এবং কূটনীতি বিষয়ে একজন প্রতিযোগীকে শিক্ষিত করে তোলা। এবারের সম্মেলনে মহসচিব হিসেবে দ্বায়িত্ব পালন করবেন মো. মতিউর রহমান আলেক। ১১ ফেব্রুয়ারি পর্যন্ত এ সম্মেলন চলবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.