হবিগঞ্জ প্রতিনিধি | ১১ জুন, ২০১৫
সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলাটি বিচারের জন্য সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জ জেলা ও দায়রা জজ মো. আতাবুল্লাহ মামলাটি সিলেটে প্রেরণ করেন। এর আগে ২ জুন সিনিয়র জুডিসিয়াল মাজিস্ট্রেট নিশাত সুলতানার আদালত থেকে মামলাটি জেলা ও দায়রা জজ আদালতে পাঠানো হয়।
হবিগঞ্জের পাবলিক প্রসিকিউটর এম আকবর হোসেন জিতু মামলাটি সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, ২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জের বৈদ্যের বাজারে জনসভায় গ্রেনেড হামলায় কিবরিয়াসহ পাঁচজন নিহত হন। এ ঘটনায় আওয়ামী লীগের তৎকালীন সাংগঠনিক সম্পাদক ও বর্তমান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর মজিদ খান এমপি বাদী হয়ে হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা করেন।
সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরী ও হবিগঞ্জের মেয়র জিকে গউস এ মামলার চার্জশীটভূক্ত আসামী হিসেবে বর্তমানে জেলহাজতে আছেন।