Sylhet Today 24 PRINT

‘শিক্ষাব্যবস্থার আধুনিকায়নের জন্যে বিশ্বের অনেক সংস্থা আমাকে পদক দিচ্ছে’

বিয়ানীবাজার প্রতিনিধি  |  ১০ ফেব্রুয়ারী, ২০১৮

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, তিনি বলেন,শিক্ষাব্যবস্থার আধুনিকায়ন করার জন্যে বিশ্বের অনেক দেশ ও সংস্থা আমাকে বিভিন্ন পদ ও পদক দিয়ে সম্মানিত করছে। আমি মনে করি, এ সম্মান আমার নয়; পুরো বিয়ানীবাজার ও গোলাপগঞ্জবাসীর।

তিনি বলেন, দেশে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে শেখ হাসিনাকে ফের ক্ষমতায় বসাতে হবে। এজন্য আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

শুক্রবার দুপুরে বিয়ানীবাজারের আব্দুল্লাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের উদ্বোধন পরবর্তী দ্বিতীয় মেয়াদে ইউনেস্কোর ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় শিক্ষামন্ত্রীকে সম্মাননা ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

নুরুল ইসলাম নাহিদ বলেন, এক সময় মনে হতো ১৬ কোটি মানুষের ৩২ কোটি হাতকে কাজে লাগালে দেশ উন্নত হবে। কিন্তু এখন তাও হবে না। এ জন্য প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করার কোন বিকল্প নেই।

শিক্ষামন্ত্রী বলেন, ২০২১ সালের মধ্যে আমরা বাংলাদেশকে মধ্যম আয়ের এবং ২০৪১ সালের মধ্যে উন্নত রাষ্ট্রে পরিণত করতে চাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সে লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, মানুষের মৌলিক অধিকার শিক্ষা হলেও অতীতের কোন সরকার এদিকে খেয়াল করেনি। কিন্তু আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার ছাত্র-ছাত্রীদের বিনামূল্যে নতুন পাঠ্যবই এবং ৪০ ভাগ শিক্ষার্থীকে উপবৃত্তি দিচ্ছে। এজন্য ঝরে পড়ার হার ধীরে ধীরে কমে যাচ্ছে।

শিক্ষামন্ত্রী বলেন, অতীতে মেয়েরা নানা কারণে পড়ালেখা করতে পারতো না। এখন মোট শিক্ষার্থীর প্রাথমিকে ৫১ ও মাধ্যমিকে ৫৩ ভাগ ছাত্রী রয়েছে।

শিক্ষামন্ত্রী বলেন, এলাকার মানুষ আমাকে ভোট দিয়ে এমপি করায় মন্ত্রী হতে পেরেছি। এরপর থেকে আমার উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালনের চেষ্টা করছি।

দেশের উন্নয়ন ও অগ্রগতি শেখ হাসিনা সরকারের অঙ্গীকার উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, আ’লীগ সরকারের আমলে বিয়ানীবাজারে যে উন্নয়ন হয়েছে তা বিগত ৪০ বছরেও হয়নি। এরপরও উন্নয়ন নিয়ে প্রশ্ন তোলা মানুষের স্বভাবজাত ধর্ম হয়ে দাঁড়িয়েছে। তিনি বলেন, ’৯৬ সালের আগে মাত্র একটি গ্রামীণ (মোল্লাপুর-আব্দুল্লাহপুর) রাস্তা পাকা ছিল। আর এখন প্রত্যেক ইউনিয়নে ১৩-২৩টি রাস্তা পাকা রয়েছে। যেসব রাস্তা ভাঙ্গাচোরা হয়েছে সেগুলো পর্যায়ক্রমে সংস্কার করা হচ্ছে। এছাড়াও প্রয়োজনীয় আরও নতুন রাস্তা পাকাকরণ তালিকায় রয়েছে। শিক্ষামন্ত্রী বলেন, বিগত বিএনপি আমলে সদাখাল ব্রিজ নির্মাণে দু’নেতা ফলক রাজনীতি শুরু করেন। অথচ আমি প্রথমবার মন্ত্রী হয়েই সদাখাল ব্রিজ নির্মাণ করি।

আব্দুল্লাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি বাবুল হোসেনের সভাপতিত্বে ও এসএমসি’র শিক্ষানুরাগী সদস্য সাংবাদিক শাবুল আহমদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজি আব্দুল হাছিব মনিয়া, বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও দলের সাধারণ সম্পাদক আতাউর রহমান খান, দলের সহ সভাপতি আব্দুল আহাদ কলা, সাংগঠনিক সম্পাদক মো. জাকির হোসেন, প্রচার সম্পাদক হারুনুর রশীদ দিপু, সদস্য হারিছ আলী হারি মেম্বার, উপজেলা আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক দেওয়ান মাকসুদুল ইসলাম আউয়াল, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দেওয়ান নাজমুল আলম, সহকারি শিক্ষা কর্মকর্তা মাসুম মিয়া।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন মোল্লাপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. আজিম উদ্দিন, আব্দুল্লাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাজমিন বেগম, মোল্লাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বদরুল হোসেন বদই, সাধারণ সম্পাদক আব্দুল গফুর জগলু প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা নির্বাহী অফিসার মু. আসাদুজ্জামান, উপজেলা এলজিইডি প্রকৌশলী রমেন্দ্র হোম চৌধুরী, থানা অফিসার ইনচার্জ মো. শাহজালাল মুন্সী, বিয়ানীবাজার সরকারি কলেজের সাবেক ভিপি কামিল আহমদ, সাপ্তাহিক বিয়ানীবাজার বার্তা পত্রিকার সম্পাদক ও বিয়ানীবাজার রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাংবাদিক ছাদেক আহমদ আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক মাছুম আহমদ, বিয়ানীবাজার পৌর আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক মো. আব্দুল হান্নান, লাউতা ইউনিয়ন আ’লীগ নেতা লুৎফুর রহমান ফয়ছল, উপজেলা যুবলীগ নেতা জহিরুল হক রাজু, রুমেল আহমদ, বিয়ানীবাজার পৌর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি আলী হোসেন।

এদিকে সকালে উপজেলা পরিষদ হলরুমে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি উপজেলার ১১৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ল্যাপটপ, উপজেলার বিভিন্ন ক্রীড়া সংগঠনের মধ্যে ক্রীড়া সামগ্রী এবং সিলেট অঞ্চলে শস্যের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় প্রদর্শনী কৃষকদের মাঝে বিনামূল্যে হ্যান্ড স্প্রেয়ার বিতরণ করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.