বানিয়াচং প্রতিনিধি | ১০ ফেব্রুয়ারী, ২০১৮
বানিয়াচংয় উপজেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়েছে। এদিকে উপজেলা ছাত্রলীগের ঘোষিত কমিটি বাতিলের দাবিতে রাস্তার মধ্যে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছে পদ বঞ্চিত নেতাকর্মীরা।
শনিবার (১০ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় গ্যানিংগঞ্জ বাজারের তিন রাস্তা মোড়ে টায়ারে আগুন জ্বালিয়ে ঘোষিত কমিটিকে অনাস্থা জানিয়ে পাশাপাশি জেলা কমিটির সভাপতি সেক্রেটারির বিরুদ্ধে বিভিন্ন ধরণের শ্লোগান দেয়।
পরে সদরের প্রধান প্রধান সড়কে বিক্ষোভ করে পার্শ্ববর্তী বড়বাজারের শহীদ মিনারের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে পদ বঞ্চিত ছাত্রলীগের নেতাকর্মীরা।
সমাবেশে বক্তব্য রাখেন সাবেক কমিটির সভাপতি আব্দুল হালিম সোহেল, সাধারণ সম্পাদক এমদাদুল হাসান শাহিন, যুগ্ম সাধারণ সম্পাদক সায়েদুল হাসান শোয়েব, সাংগঠনিক সম্পাদক সাইম হাসান পুলক, কাওছার আহমেদ শিহাবসহ বিভিন্ন নেতৃবৃন্দ। বিক্ষোভ সমাবেশে উপজেলা, ইউনিয়ন পর্যায়ের বিপুল সংখ্যক ছাত্রলীগের নেতাকর্মীরা অংশ নেয়।
উল্লেখ্য, শুক্রবার (৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি ডা. মো. ইসতিয়াক রাজ চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. মুকিদুল ইসলাম মুকিদ বিজ্ঞপ্তিতে এ জেড এম উজ্জ্বলকে সভাপতি ও রফিকুল আলম চৌধুরী রিপনকে সাধারণ সম্পাদক করে আগামী ১ বছরের জন্য বাংলাদেশ ছাত্রলীগ বানিয়াচং উপজেলা শাখার কমিটি ঘোষণা করেন।