Sylhet Today 24 PRINT

নগরীর ৭ ও ৮নং ওয়ার্ডে রাস্তা প্রশস্তকরণ ও ড্রেন পরিস্কার কাজের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক |  ১০ ফেব্রুয়ারী, ২০১৮

সিলেট নগরীর ৭ ও ৮নং ওয়ার্ডের রাস্তা প্রশস্তকরণ ও খাল, নালা, ড্রেন পরিষ্কার কাজের উদ্বোধন করেছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।

শনিবার (১০ ফেব্রুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত এক টানা অভিযান চালান তিনি। এ সময় নগরীর ৭ ও ৮নং ওয়ার্ডের মধ্যস্থানের রাস্তার উপর নির্মিত দেয়াল ও স্থাপনা উচ্ছেদ করে তা দখলমুক্ত করা হয়।

সিসিক সূত্র জানায়, স্থানীয় এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে শনিবার সকালে সিসিকের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে মেয়র আরিফুল হক চৌধুরী নগরীর সুবিদবাজার, লন্ডনী রোড, বনকলাপাড়া, হাজীপাড়া ও ছয়েফখাঁন রোড এলাকায় যান। এ সময় তিনি এলাকার বাসিন্দারা পানি সরবরাহ নিয়মিত পান কি না তার খোঁজ খবর নেন।

পরে তিনি এসব এলাকার পানি সরবরাহ নিশ্চিত করতে স্থানীয় হাজীপাড়া এলাকার বাসিন্দাদের সাথে বৈঠক করেন। এ সময় হাজীপাড়া এলাকার বাসিন্দা ইকবাল লস্কর এলাকার পানি সমস্যা নিরসনের লক্ষে একটি উৎপাদক নলকূপ স্থাপনের জন্য ৩৫/৩৫ ফুট জমি সিটি করপোরেশনকে দান করেন। জনস্বার্থে সিটি করপোরেশনকে জমি দান করায় স্থানীয় এলাকার বাসিন্দা ইকবাল লস্করকে ধন্যবাদ জানান সিটি মেয়র আরিফ।

দুপুরে সিসিক মেয়র লন্ডনী রোড, হাজীপাড়া, বনকলাপাড়া ও ৬৫নং গলির রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করেন। এ সময় লন্ডনী রোড এলাকার ‘পলি ভিলা’সহ বেশ কয়েকটি বাসার দেয়াল ও স্থাপনা উচ্ছেদ করেন। সিসিকের ‘স্পাইডার এক্সেভেটর’ দিয়ে এসব এলাকার খাল, নালা, ড্রেন পরিষ্কার করা হয়।

পরে মেয়র আরিফুল হক চৌধুরী নগরীর হাউজিং এস্টেট এলাকার রাস্তার কাজ পরিদর্শন করেন।

এ সময় সিসিকের কাউন্সিলর ইলিয়াছুর রহমান ইলিয়াছ, আফতাব হোসেন খাঁন, প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান, নির্বাহী প্রকৌশলী আলী আকবর, শামছুল হক পাটোয়ারী, সহকারী প্রকৌশলী জয়দেব বিশ্বাস, হাজীপাড়া জামে মসজিদের মোতয়াল্লী আব্দুল আজিজ মনু, সেক্রেটারি তোফাজ্জল হোসেন, ব্যবসায়ী কবীর আহমদ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।  

উল্লেখ্য, এসব এলাকায় সামান্য বৃষ্টি হলেই অধিকাংশ এলাকা জলাবদ্ধ হয়ে পড়ে। ফলে দুর্ভোগে পড়তে হয় এসসব এলাকার বাসিন্দাদের।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.