Sylhet Today 24 PRINT

মন্দির ভিত্তিক স্কুলের শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

সিলেটটুডে ডেস্ক |  ১১ জুন, ২০১৫

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট কর্তৃক বাস্তবায়নাধীন মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের মন্দির স্কুলের শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় সিলেট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সিলেট জেলা মন্দির ভিত্তিক স্কুলের শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে এই পুরস্কার প্রদান করা হয়।
মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সহকারী পরিচালক মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে ও মো. সাইফুল ইসলাম চৌধুরীর উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সিলেটের জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, শিশুর মানবিক বিকাশের ক্ষেত্রে ধর্মীয় ও নৈতিক শিক্ষা আবশ্যক। এক্ষেত্রে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তিনি সকল শিক্ষককে সঠিকভাবে দায়িত্ব পালন করার জন্য আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি রাখাল চন্দ্র ঘোষ, সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার সুজ্ঞান চাকমা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মিরাজুল ইসলাম উকিল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাবেরা আক্তার, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক ফরিদ উদ্দিন আহমেদ, মাস্টার ট্রেইনার শিশির কুমার, যীশু কুমার দাস, মুশফিকুর রহমান, রেন্টু তালুকদারসহ সিলেট জেলার সকল মন্দির ভিত্তিক স্কুলের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।
হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি রাখাল চন্দ্র ঘোষের পক্ষ থেকে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.