Sylhet Today 24 PRINT

ডিজিটাল ইউনিয়ন

নিজস্ব প্রতিবেদক |  ১১ জুন, ২০১৫

দেশের প্রথম ডিজিটাল ইউনিয়ন হিসেবে যাত্রা শুরু করেছে সিলেটের বিয়ানীবাজার উপজেলার মাথিউরা ইউনিয়ন পরিষদ। দেশের দ্বিতীয় বৃহত্তম গ্রামটি নিয়ে গঠিত এ ইউনিয়ন পরিষদ এখন থেকে তাদের নিজস্ব ওয়েবসাইটে ইউনিয়নের বিভিন্ন ডাটা সংরক্ষণ করে আধুনিক ও দ্রুত সেবা প্রদান করবে।

বৃহস্পতিবার বিকেলে ইউনিয়নের ডিজিটাল কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। উদ্বোধনকালে তিনি বলেন- ডিজিটাল বাংলাদেশ গড়ার অগ্রযাত্রায় মাথিউরা ইউনিয়ন পরিষদ অনন্য নজির স্থাপন করল। এখন থেকে এ এলাকার মানুষ ঘরে বসেই ডিজিটাল সেবা লাভ করতে পারবেন। মাথিউরার মত করে সারাদেশের ইউনিয়ন পরিষদগুলোর ডিজিটাল সেবা প্রদানের যাত্রা এখান থেকে শুরু হল। এসময় উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান খান।

ইউনিয়ন পরিষদ সূত্রে জানা যায়, ইউনিয়নের ২৩৫৮টি হোল্ডিং নম্বর ওয়েবসাইটে এন্ট্রি করা হয়েছে। ইউনিয়নের অধিবাসীরা হোল্ডিং নম্বরে খোঁজ নিলে তার সমস্ত তথ্যাদি বেরিয়ে আসবে।এ সাইটে হোল্ডিং নম্বরে বসবাসকারী সকল সদস্যের প্রয়োজনীয় তথ্যাদি, খাজনা পরিশোধ/অপরিশোধকৃত বিবরণ, পরিষদের বার্ষিক বাজেট, প্রকল্পিত এলাকা, উন্নয়ন কাজের বিবরণ ও ধরণসহ নানা তথ্যাদি সংরক্ষণ থাকবে। এছাড়াও বিশ্বের যেকোনো স্থান থেকে মাথিউরা ইউনিয়ন পরিষদ থেকে ইস্যুকৃত সকল সনদের সত্যতা যাচাই করা যাবে।

মাথিউরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সিহাব উদ্দিন বলেন- মাথিউরাকে একটি মডেল ইউনিয়ন হিসেবে রুপান্তরিত করতেই ডিজিটালাইজেশন করা হয়েছে। নিজস্ব অর্থায়ন এবং ইউনিয়নের কৃতি সন্তান সফ্টওয়ার প্রকৌশলী সাহিদুর রহমান সুমনের কারিগরি সহায়তায় মাথিউরা ইউনিয়ন পরিষদকে ডিজিটাল ইউনিয়ন পরিষদে উন্নীত করা সম্ভব হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.