Sylhet Today 24 PRINT

মৌলভীবাজারে বিচারের দাবিতে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থান

মৌলভীবাজার প্রতিনিধি |  ১১ ফেব্রুয়ারী, ২০১৮

বিচারের দাবিতে মৌলভীবাজার জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থান করেছে অসহায় একটি পরিবার। তাদের অভিযোগ প্রতিপক্ষ দ্বারা ঘরবাড়ি লুট, ভাঙচুর, ভূমি দখল ও নির্যাতনের।

রোববার (১১ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় মৌলভীবাজার সদর উপজেলার আপার কাগাবলা ইউনিয়নের পশ্চিম পদুনাপুর গ্রামের মুকুট মিয়া ও তার স্ত্রী আম্বিয়া বেগম ছেলে সন্তান নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান করেন সুষ্ঠু বিচারের দাবিতে।

মুকুট মিয়া জানান, ৪ জানুয়ারি তার ৩ ভাই তাজুদ মিয়া, কটু মিয়া ও শফিক মিয়া মিলে ভূমি সংক্রান্ত বিরোধের জেরে ধরে তাদের ঘরে এসে তাদের উপর হামলা চালায়। এ সময় তারা বসত ঘর ভাঙচুর করে নগদ ৬০ হাজার টাকা, ঘরের চালের টিন, ১৫ মন ধান, হাস-মুরগী, গরু-ছাগল, ৫০ হাজার টাকার কাঠ ও অন্যান্য মালপত্র লুট করে নিয়ে যায় এবং তাদেরকে ঘর থেকে বের করে দেয়া হয়।

ঘটনার পর থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ ঘটনার তদন্ত করে ঘটনার সত্যতা পেলেও কোন মামলা নেয়নি। পরে বিষয়টি সমাধানে কথা বলে মডেল থানার উপ পরিদর্শক অলিউল সাদা স্ট্যাম্পে তাদের স্বাক্ষর নিয়ে ১ লক্ষ টাকার বিনিময়ে বাড়ি ছেড়ে চলে যাওয়ার কথা বলেন। তারা তাতে রাজী না হলে পরবর্তীতে তিনি বিষয়টি ধামাচাপা দিয়ে স্ট্যাম্পে স্বাক্ষরের বিষয় অস্বীকার করেন। এ অবস্থায় পরিবারটি বাড়িঘর ও ভূমিহীন অবস্থায় খোলা আকাশের নিচে অবস্থান করছে। তারা এর বিচার সহ স্ট্যাম্পটি ফেরত চেয়েছে।

এ অভিযোগের ব্যাপারে মৌলভীবাজার মডেল থানার পুলিশ পরিদর্শক (এসআই) অলিউল  জানান, বিষয়টি আমি তদন্ত করে তাদের মালামাল প্রতিপক্ষ থেকে ফিরিয়ে দিয়েছি এবং একটি মুচলেকা আদায় করেছি। কোন সাদা স্ট্যাম্পে স্বাক্ষর রাখিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.