নিজস্ব প্রতিবেদক | ১২ ফেব্রুয়ারী, ২০১৮
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সিলেট জেলা ও মহানগর আয়োজিত মানববন্ধন চলাকালে এক সমাবেশে বক্তারা বলেছেন, ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করা হবে। খালেদা জিয়া মুক্ত না হওয়া পর্যন্ত নেতাকর্মীরা ঘরে ফিরে যাবেন না। সোমবার (১২ ফেব্রুয়ারি) সিলেট জেলা ও মহানগর বিএনপি আয়োজিত মানববন্ধনে এসব কথা বলেন দলটির নেতারা।
সোমবার বেলা ১২টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শুরু হওয়া মানববন্ধনটি পৌনে ১টার দিকে শেষ হয়। এতে বিএনপির প্রায় তিন শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
এসময় বক্তারা বলেন, গত ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়ার রায় ঘোষণার পর সিলেটের আদালত পাড়ায় পুলিশের ওপর বিএনপি নেতাকর্মীরা হামলা করেনি।
মানববন্ধনে বিএনপি নেতাকর্মীরা দাবি করেন, সেদিন হামলা করেছে আওয়ামী লীগের কর্মীরা। সেদিনের ভিডিও ফুটেজ দেখে তদন্ত করার জন্যেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা এম এ হক, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক দিলদার হোসেন সেলিম, কেন্দ্রীয় ক্ষুদ্রঋণ বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, কেন্দ্রীয় সদস্য ও সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী, কেন্দ্রীয় সদস্য ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী, কেন্দ্রীয় সদস্য ও জেলা বিএনপি সভাপতি আবুল কাহের শামীম, মহানগর সভাপতি নাসিম হোসেইন, জেলা সাধারণ সম্পাদক আলি আহমদ, মহানগর সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম।
সিলেট মহানগরের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আজমল বখত সাদেকের পরিচালনায় মানববন্ধন চলাকালে আয়োজিত সমাবেশটি অনুষ্ঠিত হয়।