Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে দুই বছর বন্ধ থাকার পর চালু বিদ্যালয়

জগন্নাথপুর প্রতিনিধি |  ১২ ফেব্রুয়ারী, ২০১৮

সুনামগঞ্জ জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর গোয়ালগাঁও গ্রামের ‘সৈয়দ শাহ শামচ্ছুদ্দিন (রা.) আইডিয়াল শিশু স্কুলটি দুই বছর বন্ধ থাকার পর আবারও চালু হয়েছে।

রোববার (১১ ফেব্রুয়ারি) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে অভিষেক ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবদুল কাইয়ুমের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক তামজিদ রিবানের পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা পরিষদের সদস্য সৈয়দ ছাব্বির মিয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের চেয়ারম্যান তৈয়ব মিয়া কামালী, সৈয়দপুর শামছিয়া মাদ্রাসার অধ্যক্ষ সৈয়দ রেজওয়ান আহমদ, প্রতিষ্ঠানের সাবেক অধ্যক্ষ সৈয়দ হুসাইন আহমদ, বর্তমান অধ্যক্ষ লোকমান উদ্দিন।

সভায় মুঠোফোনের মাধ্যমে যুক্তরাজ্য থেকে দ্যা লাইট ইউকে প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সৈয়দ হেলাল আহমদ স্বাগত বক্তব্য রাখে।

সভায় বক্তারা বলেন, এলাকাবাসীদের উদ্যোগে একমাত্র ইংলিশ মিডিয়াম হিসেবে এ স্কুলটি ১৯৮১ সালে স্থাপিত হয়। হঠাৎ করে বিদ্যালয়টি নানা সমস্যায় জড়িত হয়ে প্রায় দুই বছর ধরে বন্ধ হয়ে যায়। এমতাবস্থায় প্রবাসীদের সংগঠন দ্যা লাইট ইউকের উদ্যোগে আবারও বিদ্যালয়ের কার্যক্রম শুরু হয়েছে। বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন কার্যক্রমে সবার সহযোগিতা চেয়েছেন বক্তারা।

পরে দ্যা লাইট ইউকে পক্ষ থেকে বিদ্যালয়ে দুই শতাধিক শিক্ষার্থীদের স্কুল ড্রেস ও প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবদুল কাইয়ুম জানান, দীর্ঘদিন স্কুলটি বন্ধ থাকার পর অবশেষে এলাকার প্রবাসীদের টাকায় ফের বিদ্যালয়ে পাঠদান শুরু হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.