হবিগঞ্জ প্রতিনিধি | ১৫ ফেব্রুয়ারী, ২০১৮
ফেসবুকে চাকরি সরকারিকরণের দাবি সংক্রান্ত উসকানিমূলক পোস্ট দেওয়ার অভিযোগে হবিগঞ্জে শফিকুল ইসলাম (২২) নামে এক আনসার সদস্যকে থানায় সোপর্দ করা হয়েছে। শফিকুল কুমিল্লা জেলার গুণাইঘর এলাকার আব্দুল মালেকের ছেলে।
বুধবার (১৪ ফেব্রুয়ারি) দিনগত রাতে হবিগঞ্জ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) কার্যালয়ের সার্কেল অ্যাডজুটান্ট শাহ আলমসহ কর্মকর্তারা তাকে হবিগঞ্জ সদর মডেল থানায় সোপর্দ করেন।
আনসার কর্মকর্তা শাহ আলম জানান, আনসার সদস্য শফিকুল বেশ কিছুদিন ধরে ফেসবুকে চাকরি সরকারিকরণের দাবি সংক্রান্ত উসকানিমূলক পোস্ট দিয়ে আসছিল। পরে হেড কোয়ার্টাসের নির্দেশ অনুযায়ী তাকে থানায় সোপর্দ করা হয়েছে।
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিনুল হক জানান, আনসার সদস্য শফিকুলকে ভিডিপি কার্যালয় থেকে থানায় সোপর্দ করা হয়েছে। তবে এখনও মামলা কোন দায়ের করা হয়নি।