নিজস্ব প্রতিবেদক | ১৫ ফেব্রুয়ারী, ২০১৮
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সিলেট এসে পৌঁছেছেন। ২য় মেয়াদে রাষ্ট্রপতি হওয়ার পর আজই প্রথমবারের মতো তিনি সিলেট আসলেন।
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুর ২টা ৫ মিনিটে বাংলাদেশ বিমানের ফ্লাইট (বিজি-৬০১) যোগে তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিতে রাষ্ট্রপতি সিলেট এসেছেন।
জানা গেছে, সিলেটে রাষ্ট্রপতি প্রথমে হযরত শাহজালাল (র.) ও হযরত শাহপরান (র.) মাজার জিয়ারত করবেন। এরপর বেলা সাড়ে ৩ টায় যোগ দেবেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সমবর্তন অনুষ্ঠানে। বিকেল ৫ টায় বিমানযোগে আবার ঢাকায় ফিরে যাবেন তিনি।
এদিকে, রাষ্ট্রপতির সিলেট সফরকে কেন্দ্র করে প্রশাসনের পক্ষ থেকেও নেয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। এ ব্যাপারে আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনী ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। সিলেট মেট্রোপলিটন পুলিশ এসএমপি’র পক্ষ থেকেও জারি করা হয়েছে গণ বিজ্ঞপ্তি।