নিজস্ব প্রতিবেদক | ১৫ ফেব্রুয়ারী, ২০১৮
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ১ম সমাবর্তন অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত হয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুর ৩ টা ৩২ মিনিটের দিকে তিনি মঞ্চে পৌঁছান।
এর আগে বৃহস্পতিবার দুপুর ২ টা ৫ মিনিটে বাংলাদেশ বিমানের ফ্লাইট (বিজি-৬০১) যোগে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান রাষ্ট্রপতি।
এরপর একে একে হযরত শাহজালাল (র.) ও হযরত শাহপরান (র.) মাজার জিয়ারত করেন রাষ্ট্রপতি। সমাবর্তন অনুষ্ঠান শেষে বিকেল ৫ টায় বিমানযোগে আবার ঢাকায় ফিরে যাবার কথা রয়েছে রাষ্ট্রপতির।
কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. বদরুল ইসলাম শোয়েব জানান, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন রাষ্ট্রপতি ও আচার্য্য মো. আবদুল হামিদ। আর সিকৃবির সমাবর্তন বক্তা বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. ফরাস উদ্দিন।
এছাড়াও অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ উপস্থিত থাকবেন।
এদিকে রাষ্ট্রপতির সিলেট সফরকে কেন্দ্র করে প্রশাসনের পক্ষ থেকেও নেয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। এ ব্যাপারে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। সিলেট মেট্রোপলিটন পুলিশ এসএমপি’র পক্ষ থেকেও জারি করা হয়েছে গণ বিজ্ঞপ্তি।