নিজস্ব প্রতিবেদক | ১৫ ফেব্রুয়ারী, ২০১৮
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠানে গ্র্যাজুয়েটদের উদ্দেশে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, "এবার লাঙ্গলের জোয়াল কাঁধে পড়বে। এতদিন বাবার টাকায় চলেছো এখন আর তা চলবে না, এবার নিজের পায়ে দাঁড়াতে হবে।"
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রপতির নির্ধারিত বক্তব্যের বাইরে গ্র্যাজুয়েটদের উদ্দেশে এমন মন্তব্য করেন তিনি।
সময় স্বল্পতার কথা উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, "সময় স্বল্পতার কারণে বেশি কিছু বলার নেই। তার ওপর গ্র্যাজুয়েটদের মুখও দেখতে পারছি না। তিনি বলেন, একটি গান আছে "দূরের মানুষ কাছে আসুক" এই গান গাইলেও আমার কাছে আসতে পারবে না, আমিও তোমাদের কাছে যেতে পারবো না।"
নিজেকে হাওর এলাকার মানুষ পরিচয় দিয়ে রাষ্ট্রপতি বলেন, "আজকে যারা গোল্ড মেডেল পেয়েছে তাদের মধ্যে দুজন হাওর এলাকার লোক। আমি নিজেও হাওর এলাকার। আমি যেহেতু আসছি তাই হাওর একটু বেশিই পেলো। আমরা বৃদ্ধ জঞ্জাল। আমরা চলে গেলে তোমরা দেশকে আরও সুন্দর ভাবে চালাতে পারবে।"
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বেলা ২টা ৫ মিনিটে বাংলাদেশ বিমানের ফ্লাইটযোগে (বিজি-৬০১) ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
বিমানবন্দর থেকে সরাসরি বেলা আড়াইটায় হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারতে যান রাষ্ট্রপতি। এরপর তিনি হযরত শাহপরাণ (রহ.) এর মাজার জিয়ারত করেন। বিকেল সাড়ে ৩টার দিকে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সমাবর্তন অনুষ্ঠান শেষে বিমানযোগে আবার ঢাকায় ফিরে যাবেন তিনি।
রাষ্ট্রপতির সিলেট সফরকে কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি গ্রহণ করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।