Sylhet Today 24 PRINT

কুলাউড়ায় সরকারি হাসপাতালে বিএনপি নেতার সংবাদ সম্মেলন

কুলাউড়া প্রতিনিধি |  ১৫ ফেব্রুয়ারী, ২০১৮

মৌলভীবাজারের কুলাউড়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভিআইপি কেবিনে সংবাদ সম্মেলন করেছেন মৌলভীবাজার জেলা বিএনপির সহ সভাপতি অ্যাডভোকেট আবেদ রাজা। 

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভিআইপি কেবিনে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ও দলীয় নেতাকর্মীদের মুক্তিসহ ৫দফা দাবিতে অনশনরত এই বিএনপি নেতা সংবাদ সম্মেলন করেছেন।

বিএনপি নেতা আবেদ রাজা তার ব্যক্তিগত মুঠোফোন থেকে কুলাউড়ায় কর্মরত গণমাধ্যম কর্মীদের একটি খুদে বার্তায় হাসপাতালে বিকেল ৩টায় সংবাদ সম্মেলনের কথা জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত গণমাধ্যকর্মীদের তিনি বলেন, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পুলিশ তাকে হয়রানীর জন্য এসল্ট মামলায় জড়িয়েছে। হাসপাতালে তাকে দেখতে আসা নেতাকর্মীদের হয়রানীও করছে পুলিশ।

তিনি বলেন, আমি বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া নি:শর্ত মুক্তি, গণতান্ত্রিক কর্মসূচি পালনে সাংবিধানিক অধিকার নিশ্চিত করা, তত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন , কুলাউড়ায় বিএনপির কর্মসূচিতে বাধা প্রদানকারী পুলিশের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা, দলীয় নেতাকর্মীদের মুক্তি ও তাদের উপর  মিথ্যা মামলা প্রত্যাহার এই ৫দফা দাবিতে আমরণ অনশন চালিয়ে যাচ্ছি। যতক্ষণ পর্যন্ত আমার এ দাবি পূরণ না হবে ততক্ষণ পর্যন্ত আমরণ অনশন চালিয়ে যাবো। এবং পুলিশী হয়রানীর জন্য আমি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় সূত্রে জানা যায়, কুলাউড়া স্বাধীনতা সৌধে অনশনরত বিএনপি নেতা আবেদ রাজা শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে তাকে গত ১৩ ফেব্রুয়ারি রাত দেড়টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরদিন বিকেল ৪টায় উন্নত চিকিৎসার জন্য তাকে ছাড়পত্র দেন হাসপাতাল কর্তৃপক্ষ। কিন্তু তিনি ছাড়পত্র গ্রহণ করেননি এবং সেখানেই তিনি আমরণ অনশন চালিয়ে যাচ্ছেন।

কুলাউড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুরুল হক এর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে 'সরকারি প্রতিষ্ঠানে সংবাদ সম্মেলন সম্পূর্ণরূপে অবৈধ'  উল্লেখ করে তিনি বলেন, অনশনের জন্য আবেদ রাজার বুকে ব্যথা, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসে ভুগছেন। এজন্য আমরা উনাকে মঙ্গলবার বিকেলে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণের জন্য ছাড়পত্র দেই। কিন্তু তিনি সেটি গ্রহণ করেননি। বৃহস্পতিবার আমি ও হাসপাতালে আরএমওকে নিয়ে যাই তার কাছে। এবং ছাড়পত্র গ্রহণের জন্য বলি। কিন্তু তিনি ছাড়পত্র গ্রহণে অপারগতা প্রকাশ করলে “আমি স্বইচ্ছায় হাসপাতালে অবস্থান করছি” এ মর্মে একটি লিখিত কাগজ তার কাছ থেকে সংগ্রহ করেছি। বিষয়টি আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও পুলিশ প্রশাসনকেও অবহিত করেছি।

এ ব্যাপারে সংবাদ সম্মেলনে উপস্থিত গণমাধ্যকর্মীরা সরকারি প্রতিষ্ঠানে সংবাদ সম্মেলন ও ছাড়পত্রের বিষয়ে জানতে চাইলে আবেদ রাজা সংবাদ সম্মেলনের বিষয়টি অস্বীকার করেন। ক্ষুদেবার্তার মাধ্যমে তিনি প্রেস ব্রিফিংয়ে আমন্ত্রণের ব্যাপারে জানতে চাইলে কোন সদুত্তর না দিয়ে বিষয়টি এড়িয়ে যান এবং বলেন আমার দাবি ও অনশনের সংবাদটি কভারেজের জন্য সাংবাদিকদের আমন্ত্রণ জানিয়েছি।

ছাড়পত্রের বিষয়ে তিনি বলেন, এ ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষ আমাকে কিছু জানায়নি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.