Sylhet Today 24 PRINT

হবিগঞ্জে ডাকাত-পুলিশ সংঘর্ষে আহত ২, আটক ৬

হবিগঞ্জ প্রতিনিধি |  ১৬ ফেব্রুয়ারী, ২০১৮

হবিগঞ্জে ডাকাত-পুলিশ সংঘর্ষের ঘটনায় পুলিশের গুলিতে ২ ডাকাত আহত হয়েছে। এসময় পুলিশি অভিযানে ৬ ডাকাতকে আটক করা হয়। আহতদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) ভোররাতে হবিগঞ্জের সদর উপজেলার শংকরপাশা গ্রামে এ ঘটনাটি ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, আন্ত:জেলা ডাকাত দলের সদস্য বাহারের বাড়িতে বসে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল এমন খবর পেয়ে পুলিশ ভোররাতে সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা তাদের উপর আক্রমণ করে। এ সময় পুলিশ গুলি ছুড়লে বাহার ও ফরহাদ গুলিবিদ্ধ হয়। অন্যরা পালিয়ে যাওয়ার সময় পুলিশ গুলিবিদ্ধ ২ জনসহ ৬ ডাকাতকে আটক করে। পরে পুলিশ বাহারের ঘর তল্লাশি করে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করে।

আটককৃতরা হলেন- হবিগঞ্জ সদর উপজেলার চারিনাও গ্রামের লীলু মিয়ার পুত্র বাহার মিয়া (৩৪), তার ভাই আব্দুল আওয়াল (২০), একই গ্রামের জিতু মিয়ার পুত্র ইউনুস মিয়া (৩৫), সাজন মিয়ার পুত্র ফরহাদ মিয়া (২১), শফর আলীর পুত্র মানিক মিয়া (৪৮) ও আব্দুল করিম মিয়ার পুত্র দুলাল মিয়া।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার উপ পরিদর্শক (এসআই) কামাল আহমেদ জানান, পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পুলিশের উপর হামলা চালায়। এ সময় পুলিশ আত্মরক্ষার্থে ২৩ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে।

তিনি বলেন- আটকৃতদের বিরুদ্ধে হত্যা, ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। এর মধ্যে দুইজন ডাকাতি মামলায় সাজাপ্রাপ্তও রয়েছে। বর্তমানে আহত দুই ডাকাত হবিগঞ্জ সদর হাসপাতালে পুলিশ পাহারায় চিকিৎসাধীন রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.