জগন্নাথপুর প্রতিনিধি | ১৭ ফেব্রুয়ারী, ২০১৮
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের উলুচন্দ (মন্ডলীভোগ) গ্রামে জমি নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে প্রবাসী নিহত হওয়ার ঘটনায় প্রতিপক্ষের প্রবাসীকে প্রধান আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়েছে।
শনিবার (১৭ ফেব্রুয়ারি) নিহতের ভাই রাজা মিয়া জিম্মাদার বাদী হয়ে যুক্তরাজ্য প্রবাসী জাবিছ আহমদ জিম্মাদারকে প্রধান আসামি করে ১৫ জনের নাম উল্লেখ করে জগন্নাথপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় অজ্ঞাতনামা আরো ৬-৭ জনকে আসামি করা হয়েছে।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুনুর রশিদ চৌধুরী জানান, সংঘর্ষের ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে। পুলিশ ঘটনার দিন ৪জনকে গ্রেপ্তার করেছে। মামলার অপর আসামিদের ধরতে অভিযান চলছে।
প্রসঙ্গত, ওই গ্রামের রাজা মিয়া জিম্মাদার ও একই গোষ্ঠীর যুক্তরাজ্য প্রবাসী জাবিছ আহমদ জিম্মাদারের লোকজনের মধ্যে গ্রামের হাওরের খাস জমিনের একটি জলমহাল নিয়ে দীর্ঘদিন করে পূর্ব বিরোধ চলছিল। যার জের ধরে শুক্রবার দু’পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে প্রতিপক্ষের লোকজনের আঘাতে রাজা মিয়া জিম্মাদারের ভাই প্রবাসী সফু মিয়া নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন ১০ জন। পুলিশ ঘটনাস্থল থেকে ৪ জনকে দেশীয় অস্ত্রসহ আটক করে সুনামগঞ্জ কারাগারে পাঠিয়েছে।