Sylhet Today 24 PRINT

রাজনৈতিক মতভেদ ভুলে বাংলাদেশকে উচ্চ আসনে নিয়ে যেতে হবে: মোমেন

বিয়ানীবাজার প্রতিনিধি |  ১৭ ফেব্রুয়ারী, ২০১৮

জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত ড. এ কে এম আব্দুল মোমেন বলেছেন, সকল রাজনৈতিক মতভেদ ভুলে বাংলাদেশকে বিশ্বের দরবারে উচ্চ আসনে নিয়ে যেতে হবে। আমরা বিজয়ী জাতি। একটি সুখী, সমৃদ্ধ সোনার বাংলা গড়তে আমাদের সকলকে কাজ করতে হবে। কোমলমতি শিক্ষার্থীদেরও অনুপ্রেরণা যোগাতে হবে। তারাই আগামী বাংলাদেশের নির্মাতা, সোনার বাংলাদেশ গঠনের কারিগর।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকালে বিয়ানীবাজার পৌরসভার খাসাড়িপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে হাজী তাহির আলী ফাউন্ডেশন ইউএসএ’র ব্যবস্থাপনায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, দেশে খাদ্য ঘাটতি ছিল, শেখ হাসিনা সার-বীজে ভর্তুকি দিয়ে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছেন। বিদ্যুৎ উৎপাদন দুই হাজার মেগাওয়াট থেকে বাড়িয়ে শেখ হাসিনার সরকার বর্তমানে বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা অর্জন করেছেন সাড়ে ১৫ হাজার মেগাওয়াট, শিক্ষায় বিপ্লব রচিত হয়েছে। অর্থনীতিতে আগের সেই মন্দাভাব নেই। তিনি বলেন, শেখ হাসিনার হাতে দেশের নেতৃত্ব থাকলে জাতির জনকের সোনার বাংলার স্বপ্ন অচিরেই বাস্তবে পরিণত হবে।

যুক্তরাষ্ট্রের মূল ধারা রাজনীতিবিদ ও সিটি অব নিউইয়র্কের বোর্ড মেম্বার ফখরুল ইসলাম দেলোয়ারের সভাপতিত্বে এবং শিক্ষানুরাগী জিবান আহমদের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন বিয়ানীবাজার উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান খান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল হাসিব মনিয়া, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল খালিক লালু, কাউন্সিলর মিছবাহ উদ্দিন, যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী নুরুল ইসলাম রুনেল, অর্থমন্ত্রীর এপিএস জাবেদ সিরাজ, আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক রিজু মোহাম্মদ প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে ভাষা শহীদদের সম্মানে এক মিনিট নীরবতা পালন করা হয়। সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশ শেষে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিয়ানীবাজার জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আহমেদ ফয়সাল, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আবুল কাশেম প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.