Sylhet Today 24 PRINT

সিলেটে শিল্পকলার প্রতিষ্ঠাবার্ষিকী ও বসন্ত উৎসব উদযাপন

সিলেটটুডে ডেস্ক |  ২০ ফেব্রুয়ারী, ২০১৮

বর্ণাঢ্য আয়োজন আর বর্ণিল পরিবেশনার মধ্য দিয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমির ৪৪ বছর পূর্তির দিনে সিলেট জেলা শিল্পকলা একাডেমি উদযাপন করলো প্রতিষ্ঠাবার্ষিকী ও বসন্ত উৎসব ১৪২৪।

সোমবার বিকাল ৩টায় সিলেট শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে মঙ্গল প্রদীপ প্রজ্বলন করে উৎসবের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সিলেটের জেলা প্রশাসক মোঃ রাহাত আনোয়ার। জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশ গুপ্ত-এর সভাপতিত্বে উদ্বোধনী পর্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন একুশে পদক প্রাপ্ত প্রবীণ লোকসংগীতশিল্পী সুষমা দাস।

উৎসবে সম্মানিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ব্যারিস্টার মোহাম্মদ আরশ আলী, সিলেট মহানগর মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার ও নাট্য ব্যক্তিত্ব ভবতোষ রায় বর্মণ, বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা সিলেটের সভাপতি অনিল কিষণ সিংহ, সিলেট জেলা প্রেস ক্লাবের সভাপতি আজিজ আহমদ সেলিম, বাংলাদেশ সংগীত সংগঠন সমন্বয় পরিষদ সিলেটের সভাপতি হিমাংশু বিশ্বাস, তথ্যচিত্র নির্মাতা ও সাংস্কৃতিক সংগঠক নিরঞ্জন দে, সিলেট মহানগর আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক প্রিন্স সদরুজ্জামান, সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সভাপতি মিশফাক আহমদ মিশু, সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের সাধারণ সম্পাদক গৌতম চক্রবর্তী, প্রাক্তন ভাইস চেয়ারম্যান ও সিলেট জেলা শিল্পকলা একাডেমি এডহক কমিটির সদস্য মুক্তাদীর আহমদ এবং লোক গবেষক ও প্রথম আলো সিলেটের প্রতিনিধি সুমন কুমার দাশ।

বিভিন্ন সংগঠন ও গোষ্ঠীর সম্মেলন সংগীত, দলীয় নৃত্য, বৃন্দ আবৃত্তি, একক পরিবেশনা ও বাউল গানে বিমোহিত হয় হাজারো দর্শক। আবৃত্তিশিল্পী নন্দিতা দত্তের উপস্থাপনায় একক পরিবেশনায় ছিলেন সুষমা দাস, হিমাংশু বিশ্বাস, জামালউদ্দিন হাসান বান্না, আমিনুল ইসলাম চৌধুরী, জ্যোতি ভট্টাচার্য, বাউল সূর্য্যলাল দাস, গৌতম চক্রবর্তী, শামীম আহমদ, অংশুমান দত্ত অঞ্জন, জামাল আহমদ, পংকজ দেব, ইকবাল সাঁই, তন্বী দেব ও পলা দাশ গুপ্ত (জুঁই)।

শিল্পকলা একাডেমির সংগীত, আবৃত্তি ও নৃত্য পরিচালনায় ছিলেন যথাক্রমে পূর্ণিমা দত্ত রায়, প্রতীক এন্দ, অরুণ কান্তি তালুকদার, জ্যোতি ভট্টাচার্য, শান্তনা দেবী ও প্রসেনজিৎ দে শিপলু। দলীয় পরিবেশনায় ছিলেন শিল্পকলা একাডেমির সংগীত, নৃত্য, আবৃত্তি ও নাটক বিভাগের প্রশিক্ষণার্থী, মৃত্তিকায় মহাকাল; নীলম লোকসংগীতালয়, একাডেমী ফর মণিপুরি কালচার এন্ড আর্ট, ছন্দনৃত্যালয় ও গ্রিন ডিজেবল ফাউন্ডেশন। বর্ণিল আয়োজনে সাজসজ্জায় ছিলেন একাডেমির চারুকলা বিভাগের শিক্ষার্থীরা। সকল পরিবেশনা আগত দর্শকদের মুগ্ধ করে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.