Sylhet Today 24 PRINT

পরীক্ষার ২৫ মিনিট আগে প্রশ্ন অনলাইনে দেয়ার প্রস্তাব কয়েসের

নিজস্ব প্রতিবেদক |  ২০ ফেব্রুয়ারী, ২০১৮

পরীক্ষা শুরুর ২৫ মিনিট পূর্বে প্রশ্নপত্র অনলাইনে দেওয়ার প্রস্তাব করছেন সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েস। প্রশ্নপত্র ফাঁস বিতর্ক এড়াতে এমন প্রস্তাব রেখে তিনি বলেন, এই সময় শিক্ষার্থীরা প্রস্তুতি গ্রহণ করার মধ্যেই পেরিয়ে যাবে এবং প্রশ্নপত্র ফাঁস হওয়া নিয়ে বিতর্ক থাকবে না।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) দক্ষিণ সুরমা কলেজে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে আয়োজিত দুই দিনব্যাপী বইমেলা ও পিঠা উৎসব এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

উদ্বোধনী বক্তব্যে কলেজের গভর্নিং বডির সভাপতি মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েস একটি স্থায়ী শহীদ মিনার নির্মাণ এর ঘোষণা করেন যাতে কলেজ প্রাঙ্গণে জাতীয় দিবসগুলো পালন করতে পারে শিক্ষার্থীরা।

দক্ষিণ সুরমা কলেজের অধ্যক্ষ মো. শামসুল ইসলাম এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, বইমেলা ও পিঠা উৎসব এর আহবায়ক মো. মুহিবুর রহমান। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলেজ গভর্নিং বডির সদস্য ই ইউ শহীদুল ইসলাম শাহীন, এডভোকেট নিজাম উদ্দিন, আব্দুল জব্বার জলিল, শাহ নিজাম উদ্দিন, দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ খায়রুল ফজল। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রভাষক পলাশ রঞ্জন দাশ ও প্রভাষক শ্যামলী চক্রবর্তী।

উদ্বোধন শেষে বিভিন্ন স্টল পরিদর্শন করেন অতিথিবৃন্দ। বইমেলায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়সহ প্রকাশনা স্টল ও পিঠার স্টল রয়েছে। এছাড়া চিত্র প্রদর্শনীরও আয়োজন করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.