Sylhet Today 24 PRINT

ওসমানীনগরে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ৯ ইউপি সদস্যের অনাস্থা

জেলা প্রশাসকের নিকট অভিযোগ

ওসমানীনগর প্রতিনিধি |  ২০ ফেব্রুয়ারী, ২০১৮

সিলেটের ওসমানীনগরের পশ্চিম পৈলনপুর ইউপির ভারপ্রাপ্ত (প্যানেল) চেয়ারম্যান আব্দুর রবের বিরুদ্ধে তার পরিষদের নয় ইউপি সদস্যরা অনাস্থা এনে সিলেটের জেলা প্রশাসকের নিকট লিখিত অভিযোগ দাখিল করেছেন।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে জেলা প্রশাসকের বরাবরে লিখিত আবেদনটি দায়ের করেন।

আবেদর সূত্রে জানা যায়, উপজেলার পশ্চিম পৈলনপুর ইউপির প্যানেল ও বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রবের অশালীন আচরণ ও ক্ষমতার অপব্যবহারে অতিষ্ঠ হয়ে তাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব না দেওয়ার জন্য ইউনিয়ন পরিষদের নয়জন সদস্য চেয়ারম্যান আব্দুল হাফিজ এ মতিন গেদাইকে অনুরোধ করেন। কিন্তু সম্প্রতি চেয়ারম্যান গেদাই যুক্তরাজ্য যাওয়ার পূর্বে উল্লেখিত ইউপি সদস্যদের না জানিয়ে প্যানেল চেয়ারম্যান আব্দুর রবকে চেয়ারম্যানের দায়িত্ব দিয়ে যান। সকলের মতামত অগ্রাহ্য করে প্যানেল চেয়ারম্যানকে দায়িত্ব দেওয়ায় পরিষদের ৯ জন সদস্যের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা দেখা দেয়। এতে তারা ক্ষিপ্ত হয়ে ৫নং ওয়ার্ড সদস্য জয়নুল হক ধন মিয়া, ৭নং ওয়ার্ড আছদ্দর আলী, ৬নং ওয়ার্ড সদস্য সাহেন আহমদ, সংরক্ষিত ওয়ার্ড সদস্যা রাসনা বেগম ও লিপা বেগম, ৩নং ওয়ার্ড সদস্য আনছর মিয়া, ২নং ওয়ার্ড মুহাম্মদ আলী সিরাজ, ৮নং ওয়ার্ড আজিজুর রহমান, ৯নং ওয়ার্ড আব্দুল বশির মঙ্গলবার বিকেলে সিলেটের জেলা প্রশাসক রাহাত আনোয়ারে বরাবরে অনাস্থার বিষয়টি লিখিতভাবে আবেদন করেন।

ইউপি সদস্য জয়নুল হক ধন মিয়া ও আজিজুর রহমান বলেন, ভারপ্রাপ্ত (প্যানেল) চেয়ারম্যান আব্দুর রব ইউপি সদস্যদের সাথে অশালীন আচরণ ও ক্ষমতার অপব্যবহারে অতিষ্ঠ হয়ে জেলা প্রশাসকের নিকট অনাস্থা এনে অভিযোগ দায়ের করেছি। এমন কি ভারপ্রাপ্ত (প্যানেল) চেয়ারম্যান আমাদের পরিষদের কোন কাজ করতে হলে তিনি আমাদেরকে না বলেই নিজের ক্ষমতা দেখিয়ে অনিয়ম দুর্নীতির মাধ্যমে কাজ করেন।

পশ্চিম পৈলনপুর ইউপির ভারপ্রাপ্ত (প্যানেল) চেয়ারম্যান আব্দুর রব অভিযোগটি অসত্য, মিথ্যা ও বানোয়াট বলে জানান, আমাকে হেয় করার জন্য কতিপয় সদস্যরা অভিযোগ করেন। আমি তাদের সাথে কোন খারাপ আচরণ বা ক্ষমতার অপব্যবহার করিনি।

সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের সিএ সেলিম আহমদ জেলা প্রশাসকের নিকট ইউপি সদস্যদের অনাস্থার আবেদন গ্রহণের সত্যতা নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.