Sylhet Today 24 PRINT

বড়লেখায় ভুয়া চিকিৎসক ও ডায়গনস্টিক সেন্টারকে জরিমানা

বড়লেখা প্রতিনিধি |  ২১ ফেব্রুয়ারী, ২০১৮

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের শাহবাজপুর বাজারে একজন ভুয়া চিকিৎসক এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে একটি ডায়াগনস্টিক সেন্টারকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমান আদালত এ জরিমানা করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শরীফ উদ্দিন।

স্থানীয় প্রশাসন, স্বাস্থ্য বিভাগ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার সীমান্তবর্তী ইউনিয়ন উত্তর শাহবাজপুর। এ ইউনিয়নে ভালো কোনো চিকিৎসক নেই। এর সুযোগে অনেকে ভুয়া ডিগ্রি ব্যবহার করে চিকিৎসা করছেন। ফলে প্রতারিত হচ্ছিলেন এলাকার লোকজন। এসব ভুয়া চিকিৎসকদের বিরুদ্ধে ২০১৪ সালে আন্দোলনে নামে শাহবাজপুর সচেতন যুব পরিষদ। তাদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে সে সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার তদন্ত প্রতিবেদনে এসব ভুয়া চিকিৎসকদের অপকর্মের বিষয়টি উঠে এলেও রহস্যজনক কারণে তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় তাদের খুঁটির জোর নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন ওঠে।

এদিকে সম্প্রতি এসব ভুয়া ডিগ্রিধারী চিকিৎসকের বিরুদ্ধে আবারও আন্দোলনে নামে শাহবাজপুর সচেতন যুব পরিষদ। গত বুধবার (১৪ ফেব্রুয়ারি) শাহবাজপুর সচেতন যুব পরিষদের পক্ষে সুপ্রিম কোর্টের ব্যারিস্টার উর্মি রহমান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণায়ের সচিবসহ সংশ্লিষ্ট ৮ জনকে লিগ্যাল নোটিশ (আইনি বিজ্ঞপ্তি) পাঠান। এরপর টনক নড়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) শাহবাজপুর বাজারে স্থানীয় প্রশাসন, স্বাস্থ্য বিভাগ ও পুলিশ যৌথভাবে একটি অভিযান পরিচালনা করে। এ সময় নামের আগে ডাক্তার লিখে চিকিৎসা করলেও চিকিৎসক হিসেবে স্বীকৃত কোনো প্রতিষ্ঠানের সনদ দেখাতে না পারায় মেঘনাথ রুদ্রপালকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদিকে মেয়াদোত্তীর্ণ রাসায়নিক পদার্থ দিয়ে বিভিন্ন পরীক্ষা করার অভিযোগে একটি ডায়াগনস্টিক সেন্টারকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অপরদিকে অভিযানকালে ‘অল্টারনেটিভ মেডিসিন’ বিক্রির নামে চিকিৎসা পরিচালনাকারী রেজাউল করিম, নুরুল আম্বিয়া, আব্দুর রাজ্জাককে অ্যালোপাথিক চিকিৎসা না করতে এবং প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করে চিকিৎসা চালাতে অন্যদের সতর্ক করা হয়েছে। প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া অ্যালোপাথিক চিকিৎসা (রোগীকে অ্যালোপ্যাথিক ব্যবস্থাপত্র প্রদান) করা হলে তাদের বিরুদ্ধে পরবর্তী সময়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

অভিযানের সময় সিভিল সার্জন সত্যকাম চক্রবর্তী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহমদ হোসেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান আহমদ জুবায়ের লিটন, শাহবাজপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পুলিশ পরিদর্শক) মোহাম্মদ মোশাররফ হোসেন ও শাহবাজপুর সচেতন যুব পরিষদের আহ্বায়ক আতিকুর রহমান জনি প্রমুখ উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে বড়লেখা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহমদ হোসেন মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বলেন, ‘অল্টারনেটিভ মেডিসিনে যারা শিক্ষা নিয়েছেন, তারা সংশ্লিষ্ট ওই বিষয়ে চিকিৎসা দেবেন। তবে তারা কোনো রোগীকে অ্যালোপ্যাথিক ব্যবস্থাপত্র প্রদান করতে পারবেন না। যদি তারা বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) থেকে নিবন্ধন গ্রহণ করতে পারেন তাহলে রোগীকে অ্যালোপ্যাথিক ব্যবস্থাপত্র প্রদান করতে পারবেন।’

মৌলভীবাজারের সিভিল সার্জন সত্যকাম চক্রবর্তী জরিমানার সত্যতা নিশ্চিত করে মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে বলেন, ‘একজন ভুয়া চিকিৎসক ও একটি ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা করা হয়েছে। অপরদিকে আরও কিছু লোক আছে, যারা অল্টারনেটিভ চিকিৎসার নামে অ্যালোপাথিক ওষুধ লিখে থাকে। তাদেরকেও সতর্ক করা হয়েছে। ভবিষ্যতে অ্যালোপাথিক ওষুধ লিখলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.