Sylhet Today 24 PRINT

ট্রেড ইউনিয়ন সংঘ মৌলভীবাজার জেলা কমিটির সভা

ডেস্ক রিপোর্ট |  ১৩ জুন, ২০১৫

বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ মৌলভীবাজার জেলা শাখার ৪র্থ সম্মেলনোত্তর নব-নির্বাচিত জেলা কমিটির ১ম সভায় আসন্ন রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য মূল্যের ঊর্দ্ধগতি রোধ ও শ্রমিক-কর্মচারীদের মাসিক বেতনের সমপরিমান ঈদ উৎসব বোনাস প্রদানের দাবি করা হয়। ১২ জুন শুক্রবার সন্ধ্যায় সংগঠনের চৌমুহনাস্থ কার্যালয়ে ট্রেড ইউনিয়ন সংঘ জেলা কমিটির সহ-সভাপতি মোঃ মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্টিত সভার শুরুতে সাধারণ সম্পাদক রজত বিশ্বাস জেলা সম্মেলনের পর্যলোচনা, আয়-ব্যয় হিসাব এবং সাংগঠনিক পরিকল্পনা উপস্থাপন করেন।

উত্থাপিত রিপোর্টের উপর আলোচনা করেন জেলা কমিটির যুগ্ম সম্পাদক আব্দুল আজিজ প্রধান, সাংগঠনিক সম্পাদক সোহেল আহমেদ, দপ্তর সম্পাদক তারেশ বিশ্বাস সুমন, সাংস্কৃতিক সম্পাদক অমলেশ শর্ম্মা, কোষাধ্যক্ষ হোটেল শ্রমিকনেতা মীর মোঃ জসিমউদ্দিন, স’মিল শ্রমিক সংঘ হবিগঞ্জ জেলা কমিটির সভাপতি মোঃ মাহবুবুর রহমান, রিকশা শ্রমিক সংঘের সাংগঠনিক সম্পাদক কিসমত মিয়া, দর্জি শ্রমিক সংঘের নেতা মোঃ ইসলামউদ্দিন মাস্টার, জেলা কমিটির সদস্য ছালিক মিয়া, রমজান আলী, মোঃ জসিমউদ্দিন, শাহজাহান মিয়া প্রমূখ। 

সভায় বক্তারা বলেন রমজান আসার আগেই দ্রব্য মূল্য বাড়তে শুরু করেছে। অথচ আন্তর্জাতিক বাজারে দ্রব্য মূল্য স্থিতিশীল। সরকারের বাণিজ্যমন্ত্রীসহ একাধিক মন্ত্রীও আন্তর্জাতিক বাজারে দ্রব্য মূল্য স্থিতিশীলতার কথা স্বীকার করে এবং পর্যাপ্ত মজুত থাকার কথা জানিয়ে রমজানে দ্রব্য মূল্য বাড়বে না বলে ঘোষণা দেন। কিন্তু বাজার মূল্য কার্যতঃ মন্ত্রীদের বক্তব্যকে অতীতের মতো ‘বাগাম্বড়’ বলে প্রমাণ করছে। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য অর্ধেকে নেমে আসলে জনগণকে এখনও উচ্চ মূল্য পরিশোধ করতে হচ্ছে। অথচ আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য বাড়লেই দেশে মূল্য বাড়ানো হয়। তাহলে আজ কেন জ্বালানি তেলের মূল্য কমানো হচ্ছে না ?

সভা থেকে ন্যূনতম মূল মজুরি ১০ হাজার টাকা ঘোষণা, শ্রমিক-কর্মচারীদের মাসিক বেতনের সমপরিমান ঈদ উৎসব বোনাস প্রদান, আইএলও কনভেনশন অনুযায়ী শ্রম আইন প্রণয়ন, ৮ ঘন্টা কাজ, শ্রম আইন কার্যকর, সমকাজে সমমজুরি, চা-শ্রমিকদের ন্যায্য মজুরিসহ সাপ্তাহিক ছুটির দিনের মজুরি প্রদান, হোটেল ও স’মিলসহ বিভিন্ন সেক্টরে সরকার ঘোষিত নিম্নতম কার্যকর, অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার প্রদানের দাবি করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.